Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

মায়ের পর মৃত্যু বাবা ও মেয়ের, সাইবার মামলায় স্ক্যানারে ছিল পরিবার

মায়ের পর মৃত্যু বাবা ও মেয়ের, সাইবার মামলায় স্ক্যানারে ছিল পরিবার
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: নরেন্দ্রপুরের আত্মহত্যার চেষ্টার ঘটনায় এবার  মৃত্যু হল বাবা ও মেয়ের। মৃতদের নাম দীপক রায় (৬৩) এবং দিশারী রায় (২২)। শুক্রবার ভোররাতে  তাঁদের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সকালে মৃত্যু হয়েছিল মা জলি রায়ের। তবে এই ঘটনায় পুলিসি তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সুইসাইড নোটে  দেবব্রত সরকার নামে এক যুবককে দায়ী করা হয়েছিল। কিছুদিন আগে তিনি বাইক দুর্ঘটনায় মারাত্মক জখম হয়ে এখন কোমায় চলে গিয়েছেন। দীপকবাবুর অ্যাকাউন্ট ভাড়া করে অনলাইন জালিয়াতি করেছিলেন দেবব্রত বলে অভিযোগ।  সেই অ্যাকাউন্টে পাঁচ লক্ষ টাকা ঢুকেছিল। এই জালিয়াতি নিয়ে দিল্লি সাইবার ক্রাইম থানায় অভিযোগ হয়েছিল। তার ভিত্তিতে একজন গ্রেপ্তার হয়েছিলেন। তিনি আবার মৃতের পরিবারের পরিচিত। নাম জড়িয়েছিল দীপকবাবুর। পুলিসের স্ক্যানারে ছিলেন তিনি। তাঁকে বৃহস্পতিবার দিল্লি ডেকে পাঠানো হয়েছিল। জানা গিয়েছে, কাজ না থাকায় সংসারে আর্থিক অনটন দেখা দিয়েছিল। সাইবার জালিয়াতি থেকে অ্যাকাউন্টে ঢোকা ওই পাঁচ লক্ষ টাকাও খরচ করে ফেলেছিল রায় পরিবার। তারপর থেকে মানসিক চাপ তৈরি হয়েছিল ওই পরিবারের উপর। 
Advertisement
পুলিস জানিয়েছে, সাইবার জালিয়াতির অপরাধবোধ কাজ করতে শুরু করেছিল তাদের মধ্যে। তার উপর দিল্লিতে হাজিরা দেওয়ার বিষয়টি নিয়েও চাপা আতঙ্কে ভুগছিলেন দীপকবাবু। পুলিসের মতে, ওই বিপুল অর্থ তাঁকে ফেরত দিতে হবে বলে ধরে নিয়েছিলেন। পাশাপাশি পুলিসের ডাকে হাজিরা দিতে হবে। এই জোড়া চাপে ছিলেন তিনি। তার জেরেই পরিবারকে নিয়ে আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন দীপকবাবু। মৃত্যুর আগে পুলিসের সঙ্গে কথা বলেছিলেন তিনি। তখনও ওই দেবব্রতবাবুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। পুলিসকে দেওয়া বয়ানে ওই প্রৌঢ় বারবার বলেন, ওই ব্যক্তির জন্যই তাঁদের এই পরিণতি। 
সম্পর্কিত সংবাদ