Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মেয়ের নামে রাস্তা! রাজারহাটের পঞ্চায়েত সদস্যের ‘কীর্তি’তে বিতর্ক

মেয়ের নামে রাস্তা! রাজারহাটের পঞ্চায়েত সদস্যের ‘কীর্তি’তে বিতর্ক
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: জীবিত মেয়ের নামে রাস্তা! রাজারহাটের পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের এক সদস্য তাঁর মেয়ের নামে রাস্তার নামকরণ করেছেন! বিষয়টি নিয়ে স্বভাবতই শোরগোল পড়ে গিয়েছে ওই অঞ্চলে। মঙ্গলবার সকাল থেকে এই ঘটনা নিয়ে হইচই শুরু হয়। এমন ‘আজব’  কাণ্ডকারখানায় একদিকে যেমন হাস্যরসের উদ্রেক হয়েছে, সেই সঙ্গে শুরু হয়েছে নানা জল্পনা। যদিও নিজের এহেন ‘কীর্তি’ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন সেই পঞ্চায়েত সদস্য।  
Advertisement
ঘটনা হল, নিউটাউনের ইকোস্পেস থেকে ২১১ নম্বর রোডে যাওয়ার জন্য একটি নয়া রাস্তা তৈরির সিদ্ধান্ত হয়। কাজও শুরু করে দেয় হিডকো। সেই রাস্তার কাজ অনেকটা এগিয়ে গেলেও জমির সমস্যার জন্য কিছু অংশের কাজ বাকি পড়েছিল। স্থানীয় সূত্রে খবর, জমিটি ছিল পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য কল্যাণ নস্করের মালিকানায়। এক সময় তিনি সরকারি কাজের জন্য জমিটি বিক্রিও করে দেন। ফলে রাস্তার অসমাপ্ত কাজ শেষ হয়। ওই অংশে নতুন রাস্তা হওয়ার পরেই কল্যাণ নস্কর নিজের ক্ষমতাবলে তার নামকরণ করে দেন। গত কয়েকদিন ধরে স্থানীয় বাসিন্দারা দেখেন, কল্যাণ তাঁর মেয়ে শ্রীজার নামে রাস্তার একাধিক জায়গায় ‘শ্রীজা মোড়’ লেখা হোর্ডিং লাগিয়েছেন। এনিয়ে আপত্তি তোলেন স্থানীয়রাই। তাঁরা দাবি করেন, কোনও মণীষীর নামে রাস্তার নামকরণ করা হোক। তা না হলে এলাকায় যে পুরনো ‘মিলন মন্দির’ রয়েছে, সেই নামে রাস্তার নামকরণ করা যেতে পারে। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দাদের একাংশ এই নামকরণের প্রতিবাদে বিক্ষোভও দেখান। ‘শ্রীজা মোড়’ লেখা সব হোর্ডিং খুলে ফেলে ‘মিলন মন্দির মোড়’ নামাঙ্কিত বোর্ড লাগিয়ে দেন তাঁরা। এ বিষয়ে কথা বলার জন্য কল্যাণ নস্করকে ফোন করা হলেও তিনি তোলেলনি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ