অভিনব উপায়ে মেয়ের নাম প্রকাশ্যে আনলেন পোশাকশিল্পী মাসাবা গুপ্ত। সোমবার সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী নীনা গুপ্তার কন্যা। সম্ভবত সেটি তাঁর হাতের ছবি। সেখানে দেখা যাচ্ছে, সোনার কঙ্কনে হীরাখচিত লেখা মেয়ের নাম। ‘মাতারা’। এই গয়নার মাধ্যমেই মেয়ের নাম প্রকাশ্যে আনলেন মাসাবা। নামের অর্থও জানিয়েছেন তিনি নিজেই। তাঁর কথায়, ‘এই নামের মধ্যেই মূর্ত হয় হিন্দু ধর্মের ন’জন দেবীর পবিত্র নারীশক্তি, পরাক্রম ও জ্ঞান। ও আমাদের চোখের মণিও।’ মেয়ের বয়স তিন মাস। ২০২৩ সালের জানুয়ারি মাসে সত্যদীপ মিশ্রকে বিয়ে করেছিলেন মাসাবা। গত বছর অক্টোবরে মা হন তিনি।



