Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মায়ের গলা কেটে থানায় ফোন ছেলের

মায়ের গলা কেটে থানায় ফোন ছেলের
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ধারালো অস্ত্র দিয়ে মায়ের গলা কেটে খুন করল ছেলে। তারপর নিজেই পুলিসকে ফোন করে খবর দিল। মঙ্গলবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি শহরের ১ নম্বর ওয়ার্ডের কুলিপাড়ায়। প্রধাননগর থানায় আত্মসমর্পণ করে অভিযুক্ত অজয় মল্লিক। পুলিস জানিয়েছে, মৃত মহিলার নাম কৌশল্যা মল্লিক (৫০)। অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে ঘটনার তদন্তে নামে পুলিস। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যায় অজয় প্রধাননগর থানায় ফোন করে জানায় সে কুলিপাড়া থেকে বলছে। রাগের মাথায় মাকে খুন করেছে। দেহ ঘরেই রয়েছে। খবর পেয়ে চমকে ওঠেন ডিউটি অফিসার। দ্রুত ঘটনাস্থলে পাঠান পুলিস ভ্যান। সংশ্লিষ্ট ঠিকানায় পুলিস পৌঁছে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা দেহটি উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যালে পাঠায়। কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান। পরে দেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়। অপরাধীকে গ্রেপ্তার করে থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিস। 
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পশ্চিম) বিশ্বচাঁদ ঠাকুর বলেন, আমাদের কাছে খবর আসার পর ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। দেহটি বুধবার ময়নাতদন্ত করা হবে। 
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, কৌশল্যাদেবী ছেলে অজয়কে নিয়ে থাকতেন। অজয় ছোটখাট কাজ করে। কৌশল্যাদেবীর আরও এক ছেলে আছেন। তিনি আলাদা থাকেন। প্রাথমিক জেরায় অভিযুক্ত পুলিসকে জানিয়েছে, বিভিন্ন কারণে মায়ের সঙ্গে ঝগড়া হতো। মাঝেমধ্যে মা মদ খেত। আকণ্ঠ মদ্যপান করলে হুঁশ থাকত না। মূলত মদ খাওয়া নিয়েই মায়ের সঙ্গে ঝামেলা। সন্ধ্যায় দু’জনের কথা কাটাকাটি হয়। রাগের বশেই বাড়িতে থাকা ছুরি দিয়ে মায়ের গলার নলি কেটে দেয়। সম্বিত ফিরতেই প্রধাননগর থানায় ফোন করে। 
এদিকে, ঘটনার খবর চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনায় রীতিমতো স্তম্ভিত এলাকাবাসী। স্থানীয় কাউন্সিলার সঞ্জয় পাঠক বলেন, পাড়ায় এরকম ঘটনা ঘটতে পারে, ভাবতেই পারছি না। পুলিস ছেলেটিকে তুলে নিয়ে গিয়েছে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ