নিজস্ব প্রতিনিধি, বারাসত: মেয়ের বিয়ের জন্য বিক্রি করা হয় জমি। সেই বাবদ ২১ লক্ষ টাকা পেয়েছিলেন দম্পতি। যার মধ্যে ১৪ লক্ষ টাকা রাখা ছিল বাড়িতেই। সেই টাকা চুরি যাওয়ায় মাথায় আকাশ ভেঙে পড়ে চক্রবর্তী পরিবারের। মেয়ের বিয়ে কার্যত অনিশ্চিত হয়ে পড়ে বারাসতের চৌধুরী পাড়ার সুলতা চক্রবর্তীর। বারাসত থানায় অভিযোগ দায়ের হলে পুলিসের তৎপরতায় গ্রেপ্তার করা হয় অভিযুক্ত করিম মোল্লা ও মহম্মদ আসিফকে। তাদের হেফাজতে নিয়ে ১১ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিস। বারাসত পুলিস জেলার সুপার স্পর্শ নিলাঙ্গি বলেন, তদন্তে নেমে বারাসত থানার পুলিস এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দু’জনকে চিহ্নিত করে। তাদের মধ্যে প্রথমে করিমকে ভাঙড় থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে জেরা করে অপর অভিযুক্ত আসিফকে কলকাতার ট্যাংরা থেকে গ্রেপ্তার হয়। দু’জনের কাছ থেকে মোট ১১ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার পরিবারকে টাকা ফেরত দেওয়া হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ২২ ফেব্রুয়ারি চক্রবর্তী পরিবারের কুম্ভে যাওয়ার কথা ছিল। তাই জমি বিক্রির অগ্রিম টাকার মধ্যে বেশ কিছু টাকা ২১ তারিখ ব্যাঙ্কে জমা করে কেনাকাটা করতে গিয়েছিলেন সুলতাদেবী।
Advertisement
তিনি বলেন, মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির ২১ লক্ষ টাকা ২০ ফেব্রুয়ারি পেয়েছিলাম। ২২ তারিখ আমাদের প্রয়াগরাজে যাওয়ার কথা ছিল। ২১ তারিখ সকালে ছ’লক্ষ টাকা ব্যাঙ্কে জমা করি। বাকি টাকা বাড়িতে ছিল। ওই দিন আমরা কেনাকাটা করতে যায়। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি, পিছনের দরজার তালা ভাঙা, আলমারি খোলা। সেখানে রাখা নগদ ১৪ লক্ষ টাকা চুরি হয়ে গিয়েছে। পুলিসের সক্রিয়তায় তা ফিরে পেয়েছি। -নিজস্ব চিত্র



