নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া ও সংবাদদাতা, রঘুনাথপুর: দেরিতে ট্রেন চলাচল ও প্রস্তাবিত প্রকল্প রূপায়ণে অনীহার কারণে রেলের অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। নবনির্মিত জয়চণ্ডীপাহাড় স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে না যাওয়ার বিষয়টি তিনি বুধবার সংবাদমাধ্যমকে জানিয়েছেন। ‘অমৃত ভারত’ প্রকল্পে আদ্রা ডিভিশনে ১৬টি স্টেশনের আধুনিকীকরণের কাজ হচ্ছে। সেই তালিকায় রয়েছে জয়চণ্ডী স্টেশন। আজ, বৃহস্পতিবার ওই স্টেশনের উদ্বোধন হবে। অনুষ্ঠানে বাঁকুড়ার সাংসদকে রেলের তরফে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমন্ত্রণের চিঠিতে খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সই রয়েছে। এদিন দক্ষিণ-পূর্ব রেলের শীর্ষস্তরের এক আধিকারিক অরূপবাবুকে ফোন করলে জানিয়ে দেন, তিনি ওই অনুষ্ঠানে যাবেন না। অরূপবাবু বলেন, হাওড়া-বাঁকুড়া-পুরুলিয়া শাখায় দেরিতে ট্রেন চলাটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। সকালের ট্রেন বিকেলে চলছে। বারবার বলা সত্ত্বেও ছাতনা-মুকুটমণিপুর রেল প্রকল্পে অর্থ বরাদ্দ করা হচ্ছে না। বাঁকুড়া-মেজিয়া রেল প্রকল্প নিয়েও রেলের তরফে কোনও উচ্চবাচ্য করা হচ্ছে না। রেলের বৈঠকে আমি আধিকারিকদের ওইসব বিষয় নিয়ে বারবার বলেছি। রেলমন্ত্রীকেও চিঠি লিখেছি। কিন্তু, কাজের কাজ কিছু হয়নি। এই পরিস্থিতিতে জনপ্রতিনিধি হিসেবে রেলের অনুষ্ঠান মঞ্চ আলো করে বসে থাকার কোনও মানে হয় না। জয়চণ্ডী পাহাড় স্টেশনের অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্তের কথা আমি রেলের আধিকারিকদের জানিয়ে দিয়েছি। সংসদে আমার দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও বিষয়টি জানিয়েছি। দল আমার সিদ্ধান্তকে সমর্থন করেছে। আদ্রা ডিভিশনের ডিআরএম সুমিত নারুলা বলেন, সাঁতরাগাছিতে বড় প্রজেক্টের কাজ চলছে। তার জন্য ট্রেন চলাচলে বিঘ্নিত হচ্ছে। যাত্রীদের যাতে অসুবিধা না হয়, তারজন্য আমরা সব সময় সজাগ থাকি। অভিযোগগুলি খতিয়ে দেখে সমাধানের জন্য সদা তৎপর রয়েছি।



