Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

করণদিঘিতে নিখোঁজ মা, মেয়ের মৃতদেহ পুকুরে, স্বামীকে গ্রেপ্তার করে তদন্ত শুরু

করণদিঘিতে নিখোঁজ মা, মেয়ের মৃতদেহ পুকুরে, স্বামীকে গ্রেপ্তার করে তদন্ত শুরু
  • ২৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ইসলামপুর: পুকুরের জলে ভেসে উঠল নিখোঁজ মা ও মেয়ের মৃতদেহ। বুধবার রাতে করণদিঘি থানার গোঁসাইপুর এলাকার একটি পুকুরে দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পুলিসকে খবর দিলে গভীর রাতে দেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে ফের ওই পুকুরে এক শিশুকন্যার দেহ ভাসতে দেখা যায়। 

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতা পুন্নি দেবী (৩০) ও শিশুকন্যা অন্নু কুমারী (৮) করণদিঘির সিতমটোলার বাসিন্দা। মৃতার স্বামীকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে পুলিস। দেহ দুটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুন্নির দেহ পচে গেলেও তুলনায় শিশুকন্যা অনেকটাই অবিকৃত ছিল।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সিতমটোলার বাসিন্দা অভি কর্মকারের সঙ্গে প্রায় ১৫ বছর আগে বিয়ে হয় বিহারের পূর্ণিয়া জেলার মহারাজপুর রামনাটোলা এলাকার পুন্নির। স্বামী একজন পরিযায়ী শ্রমিক। পুন্নি ও অভীর চার সন্তান। তাঁদের দাম্পত্য জীবন সুখের ছিল না। মাঝেমধ্যে গন্ডগোল হলে পুন্নিকে মারধর করা হতো বলে অভিযোগ। কিছুদিন থেকে স্বামী বাড়িতে আছেন। গত সোমবারও পরিবারে গণ্ডগোল হয়। সেদিন সন্ধা থেকেই শিশুকন্যা ও পুন্নি বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। 
মৃতার মা বিমলা দেবী বলেন, মেয়েকে তার শ্বশুরবাড়ির লোকজন প্রায়শই মারধর করত। মেরে ফেলার হুমকিও দিয়েছিল। শ্বশুরবাড়ির লোকেরা পরিকল্পনা করে আমার মেয়েকে মেরে ফেলেছে। দোষীদের কঠোর শাস্তির দাবি করছি। গোটা ঘটনায় রহস্য দানা বেঁধেছে। পুন্নি কি নিজেই পুকুরের জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন, নাকি খুন করে প্রমাণ লোপাটের জন্য পুকুরে ফেলে দেওয়া হয়েছে দেহ? পুলিস আধিকারিকদের কথায়, ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি পরিষ্কার হবে।
করণদিঘি থানার পুলিস আধিকারিক জানিয়েছেন, মৃতার শ্বশুরবাড়ি থেকে খুনের অভিযোগ করার পর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ