Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাড়ছে মশার তাণ্ডব-পেটের অসুখ-ত্বকের রোগ, জমা জলে এখনও জেরবার স্থানীয়রা

বাড়ছে মশার তাণ্ডব-পেটের অসুখ-ত্বকের রোগ, জমা জলে এখনও জেরবার স্থানীয়রা
  • ৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বেলগাছিয়ায় ভাগাড়ে ভূমিধস নামার পর জল জমেছিল। তা এখনও জমে রয়েছে। সমস্যা সমাধানে একাধিকবার পথে নেমে বিক্ষোভ দেখিয়েছেন সংলগ্ন তিনটি ওয়ার্ডের বাসিন্দারা। কিন্তু জল জমার সমস্যা মেটেনি। বি রোডের কিছু অংশ জমা জল থেকে মুক্ত হয়েছে। কিন্তু সি রোডের বহু এলাকা এখনও জলের তলায়। এই কারণে বাড়ছে চর্মরোগ, পেটের অসুখ। মশার উপদ্রবে টেঁকা দায় হয়ে গিয়েছে স্থানীয়দের।

Advertisement

কুড়ি মার্চ বেলগাছিয়ায় ভাগাড়ে ভূমিধস নামে। তারপর থেকেই শুরু হয় নিকাশির সমস্যা। হাওড়ার সাত, আট এবং নয় নম্বর ওয়ার্ডে হাই ড্রেন উপচে নোংরা কালো জল ঢুকছে বলে অভিযোগ। সর্বত্র জলমগ্ন পরিস্থিতি। নিকাশির জলের সঙ্গে মিশে যাচ্ছে পানীয় জল। বিক্ষোভ, পথ অবরোধ সামলাতে বারবার ছুটে যেতে হয়েছে পুর কর্তৃপক্ষ, কেএমডিএ বা উত্তর হাওড়ার বিধায়ককে। মাইক্রো টানেল বানিয়ে বেলগাছিয়ায় নয়া ড্রেনেজ সিস্টেম তৈরির কাজ শুরু করেছে কেএমডিএ। বি রোডের বিভিন্ন এলাকায় জমা জল কিছু নেমেছে। কিন্তু সি রোডের পরিস্থিতি এখনও শোচনীয়। বিশেষ করে সি রোড বাজার, বেলতলা, বালক সঙ্ঘ, অটো স্ট্যান্ড এলাকায় রাস্তার উপর কুচকুচে কালো রঙের জল থইথই। মানুষের বেড রুমে পর্যন্ত জল ঢুকে গিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিকাশির নোংরা পানীয় জলে মিশে দূষিত করে ফেলেছে। ফলে ঘরে ঘরে ডায়েরিয়ার প্রকোপ। দেখা দিচ্ছে চর্মরোগের সমস্যা। এবার নতুন করে ভয় ধরাচ্ছে মশার বাড়বাড়ন্ত। বাসিন্দাদের অনেকের বক্তব্য, ‘প্রায় ১৭ দিন ধরে একইভাবে জল জমে রয়েছে। মশা বাড়ছে। যা অবস্থা তাতে এরপর বাড়িতে থাকাই যাবে না। দ্রুত সমস্যা মিটবে বলে শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছে প্রশাসন।’ 
তাঁদের দাবি, নিকাশির কাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। এরপরও যদি জমা জলের যন্ত্রণা থেকে রেহাই না মেলে  তাহলে প্রশাসন কিংবা জনপ্রতিনিধিদের আশ্বাসে কোনও কাজ হবে না।’ হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী বলেন, ‘মাইক্রো টানেলিংয়ের কাজ অনেকটাই হয়ে গিয়েছে। জোরকদমে এগচ্ছে প্রক্রিয়া।  বেলগাছিয়া সংলগ্ন যে যে জায়গায় জল জমে রয়েছে তা দ্রুত নেমে যাবে।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ