Bartaman Logo
৩ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আগামী দু-সপ্তাহ সকালে পঠনপাঠনের নির্দেশ জারি, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে স্কুল কর্তৃপক্ষ

রাজ্যজুড়ে স্কুলগুলিকে দু-সপ্তাহ সকালে পঠনপাঠন চালানোর নির্দেশ দিয়েছে বিকাশ ভবন। স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্তে শিক্ষার্থীদের সুবিধা হবে। বিস্তারিত পড়ুন।

আগামী দু-সপ্তাহ সকালে পঠনপাঠনের নির্দেশ জারি, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে স্কুল কর্তৃপক্ষ
  • ৩ জুন, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যজুড়ে স্কুলগুলিকে দু-সপ্তাহের জন্য সকালে পঠনপাঠন চালানোর নির্দেশ দিল বিকাশ ভবন। যদিও, এ ব্যাপারে স্কুলগুলি পরিস্থিতি বুঝে ব্যবস্থা নিতে পারবে। ১ জুন বেশি রাতে দপ্তরের শীর্ষ আধিকারিকের তরফে ডিআইদের কাছে প্রথমে এই নির্দেশ যায়। তবে, মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ এ ধরনের ম্যাচিং অর্ডার না করায় তাঁদের অনেকেই ধন্দে ছিলেন। ২ জুন মধ্যশিক্ষা পর্ষদ এই নির্দেশ দিলেও প্রাথমিক শিক্ষা পর্ষদ এই সংক্রান্ত ম্যাচিং অর্ডার করেনি। বিজেপির শিক্ষা সেল সকালে স্কুল নিয়ে তদবির করেছিল। সেলের সহ-আহ্বায়ক পিন্টু পাড়ুই বলেন, প্রাথমিক শিক্ষা পর্ষদের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, সরাসরি স্কুল শিক্ষা কমিশনারেট থেকে ডিআইদের কাছে নির্দেশ যাওয়ায় তাঁরা আর ম্যাচিং অর্ডার করছেন না।

Advertisement

রাজ্যে মূলত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও পশ্চিম মেদিনীপুরের স্কুলগুলির পড়ুয়ারা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে তীব্র গরমের জন্য। বিশেষ করে পুরুলিয়া থেকেই সকালে ক্লাস চালুর দাবি উঠেছিল। সেলের কাছ থেকে অনুরোধ পেয়ে এই নির্দেশ দিয়েছে দপ্তর। এদিন বহু জেলার ডিআইরাই সকালে স্কুল করার নির্দেশ দিয়েছেন। তবে, শহরের অধিকাংশ বড়ো স্কুলই এপথে হাঁটতে পারছে না। কারণ, সেগুলিতে সকালে প্রাথমিক স্কুল চলে। তাই, পরিকাঠামোর অভাবে উচ্চ প্রাথমিক, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরকে জায়গা দেওয়া সম্ভব নয়। একাধিক প্রধান শিক্ষক বলেন, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব স্কুলগুলির উপরেই ছাড়া হয়েছে। তাই সকালে ক্লাস না নেওয়া গেলে বিধিভঙ্গের দায়ে পড়তে হবে না।
বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির নেতা আনন্দ হান্ডা বলেন, ‘সকাল থেকে ক্লাস শুরুর দাবি আমাদের দীর্ঘদিনের। বরং ছুটি না বাড়িয়ে সকালে স্কুল করার বিষয়টিই যুক্তিসংগত। বিভিন্ন কারণে অসংখ্য শিক্ষাদিবস নষ্ট হয়েছে। তাই ছুটি কম থাকলেই ভালো হত।’

সম্পর্কিত সংবাদ