সংবাদদাতা, বসিরহাট: মহিলার মৃত্যু হয়েছে দু’মাস আগে। কিন্তু এখনও তাঁর নামে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ইস্যু হয়ে চলেছে। এমনকী সেই টাকা চলে যাচ্ছে এক পুরুষের অ্যাকাউন্টে। আর এটা শুধু তাঁর মৃত্যুর পরই হচ্ছে না। এমন কাণ্ড ঘটে চলেছে দীর্ঘ ৪৬ মাস ধরে। ঘটনাটি বাদুড়িয়ার গন্ধবপুর এলাকার।
মহিলার নাম বীথিকা দাস। তাঁর স্বামী অজয় দাসের অভিযোগ, গত ৪৬ মাস ধরে তাঁর স্ত্রীর নামে বরাদ্দ টাকা চলে যাচ্ছে দেবাশিস বাছার নামে এক পুরুষের অ্যাকাউন্টে। এই নিয়ে বিডিও অফিসে বহুবার অভিযোগ জানিয়েও কোন কাজ হয়নি। এমনকী দু’মাস আগে স্ত্রীর মৃত্যুর পরও তা বন্ধ হয়নি।
জানা গিয়েছে, অ্যাকাউন্টের শেষ একটি নম্বরের সমস্যার কারণে এই ঘটনা ঘটছে। দেবাশিস বাছারকে প্রশ্ন করা হয়েছিল অপরের টাকা তাঁর অ্যাকাউন্টে ঢুকছে দেখেও সেটি ফিরিয়ে না দিয়ে তুলে নিচ্ছেন কেন? দেবাশিসবাবু বলেন, সময় মতো টাকা ফেরত দেওয়া হবে। আর বাদুড়িয়া ব্লক অফিসে লক্ষ্মীর ভাণ্ডারের দায়িত্বে থাকা আধিকারিক পার্থ হাজরা বলেন, বিষয়টি শুনলাম। তদন্ত করা হবে।