নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিম্নচাপ অর্ণবের প্রভাবে মঙ্গলবার সারাদিনই আকাশে কালো মেঘের আনাগোনা। এই আছি, এই নেই বৃষ্টিতে জেরবার অনেকেই। আগামী কয়েক দিন তুমুল বৃষ্টির আশঙ্কা। আশ্বিনের শুরুতেই রেনকোট, গামবুট নিয়ে তৈরি বাঙালি। অনেকটা একই অবস্থা শতাব্দীপ্রাচীন মোহন বাগানের। মরশুম মাঝপথে এলেও দল তৈরি নয়। জাতীয় শিবিরে যোগ দিয়েছেন সাহাল, অনিরুদ্ধ থাপা, আপুইয়ারা। চোট রয়েছে জেলকোভিচের। দুঃস্বপ্নের ফর্মে শুভাশিস বসু ও রাহুল ভেকে। তাই প্রথম একাদশ সাজাতে হিমশিম খাচ্ছেন মোহন বাগানের গ্রিক কোচ পানাজিওটিস ডিম্পেরিস। বুধবার ঘরের মাঠে আইএফএ শিল্ড অভিযান শুরু করছে পালতোলা নৌকা। প্রতিপক্ষ শ্রীনিধি ডেকান। তবে ডুরান্ড কাপের ব্যর্থতার পর আইএফএ শিল্ডে কোচ পানোসের অগ্নিপরীক্ষা। ট্রফি না পেলে তাঁর সিট নড়বড় করবেই। তাই বুধবার যে কোনো মূল্যেই জয় চাইছেন তিনি। তার জন্য শুরুতেই গোল চান কোচ পানোস।
আপুইয়াদের অনুপস্থিতিতে মাঝমাঠের দায়িত্ব সামলাতে পারেন দীপক টাংরি ও অভিষেক সূর্যবংশী। সঙ্গে রয়েছেন ঘরোয়া লিগ থেকে উঠে আসা সন্দীপ মালিক। কোচ পানোসের নজর রয়েছে তাঁর উপর। তবে ডেকানের বিরুদ্ধে পরিবর্ত হিসেবে সন্দীপের মাঠে নামার সম্ভাবনাই বেশি। পাশাপাশি রক্ষণে মেহতাব সিংয়ের অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন না গ্রিক কোচ। ফলে আলবার্তো রডরিগেজের সঙ্গে শুরু করতে পারেন রাহুল ভেকে। দুই উইং ব্যাকে শুভাশিস ও রবিলাল মাণ্ডির উপরই ভরসা রাখছে সবুজ-মেরুন থিঙ্কট্যাঙ্ক। তবে কোচের হাতে বিকল্প হিসেবে রয়েছেন অ্যালেক্স সাজিও। দুই উইংয়ে ডানা মেলতে পারেন লিস্টন কোলাসো ও কিয়ান নাসিরি। সেক্ষেত্রে ডেজান ড্রাজিচকে ব্যবহার করা হতে পারে মাঝমাঠে। পিভটের ভূমিকায় ব্রাজিলিয়ান মিগুয়েল ফেরেরা দলের অন্যতম সেরা অস্ত্র। তিনি ফর্মে থাকলে চিন্তা অনেকটাই কমবে থিঙ্কট্যাঙ্কের। আর লক্ষ্যভেদে ভরসা ম্যাকলারেন। পরিবর্ত হিসেবে লি আরউইনের নামার সম্ভাবনাই বেশি। মঙ্গলবার বিকেলে রুদ্ধদ্বার অনুশীলনে প্রায় এক ঘণ্টা গা ঘামালেন লিস্টন, দীপকরা। মূলত সেটপিসের উপরেই জোর দিয়েছিলেন সবুজ-মেরুন কোচ। এর পাশাপাশি সিচুয়েশন প্র্যাকটিসে দলের ফর্মেশনও ঝালিয়ে নেন তিনি।
অন্যদিকে, পাঁচ বিদেশি নিয়ে কলকাতায় পা রেখেছে হায়দরাবাদের দলটি। প্রীতম কোটাল, প্রণয় হালদারের মতো প্রাক্তন মোহন বাগানী রয়েছেন ডেকানের স্কোয়াডে। পাশাপাশি জেরি মাউমিংথাঙ্গা আছেন। বিদেশিদের মধ্যে ডেভিড কাসতানেডা, ভিতিনহো ও পাওলো সিজাররা প্রতিপক্ষকে বিপদে ফেলতে তৈরি। উল্লেখ্য, বুধবার ম্যাচের আগে ট্রফি তুলে দেওয়া হবে লিগ চ্যাম্পিয়ন মোহন বাগানকে।
মোহন বাগান মাঠে ম্যাচ শুরু বিকাল তিনটেয়।
ফ্যান কোড অ্যাপে সরাসরি সম্প্রচার।