নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মোহন বাগান জার্সিতে নয়া ইনিংস শুরু মিগুয়েল ফিগুয়েরার। বৃহস্পতিবার প্রথমদিনের অনুশীলনে যাবতীয় ফোকাস ছিল ব্রাজিলিয়ান মিডিওর দিকে। হোটেল থেকে জেমি ম্যাকলারেনের পাশে বসে একই গাড়িতে যুবভারতী ট্রেনিং গ্রাউন্ডে পা রাখেন তিনি। গত মরশুমে আইএসএলের সেরা ফুটবলারকে দেখতে এদিন হাজির ছিলেন জনা তিরিশেক অনুরাগী। গাড়ি থেকে নেমে সমর্থকদের উদ্দেশে হাত নেড়েই মাঠে পা রাখেন তিনি। এরপর ১০ নম্বর ট্রেনিং জার্সি গায়ে চাপিয়েই মাঠে নামেন মিগুয়েল। উল্লেখ্য, গত মরশুমে ইস্ট বেঙ্গলে ৮ নম্বর জার্সি পড়তেন তিনি। আর মোহন বাগানের নাম্বার টেন ছিলেন আর এক ব্রাজিলিয়ান ফুটবলার রবসন। তবে নতুন মরশুমে প্রাক্তন সতীর্থের জার্সি গায়ে দেখতে দেখা যাবে মিগুয়েলকে।
ব্রাজিলিয়ান তারকার পাশাপাশি নতুন মরশুমে এদিন প্রথমবারের জন্য অনুশীলনে নামেন জেমি ম্যাকলারেন। গতবার মোহন বাগানের আপফ্রন্টের অন্যতম ভরসা ছিলেন এই অজি স্ট্রাইকার। তবে কোথাও মাঝমাঠ থেকে ঠিকঠাক বল সাপ্লাই না মেলায় বারবার সমস্যায় পড়তে হয়েছিল তাঁকে। তবে এবার মিগুয়েল আসায় সেই সমস্যা অনেকটাই মিটবে বলে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। বৃহস্পতিবার মূলত ফিজিক্যাল ফিটনেসের উপর জোর দেন বাগান কোচ পানাজিওটিস। তারপর বল পায়ে চলে সিচুয়েশন প্র্যাকটিস। ডুরান্ড কাপের গ্রুপ পর্বে শেষ ম্যাচে মোহন বাগানের প্রতিপক্ষ দুর্বল সিআইএসএফ। ইতিমধ্যেই টানা দু’টি ম্যাচ জিতে কোয়ার্টার-ফাইনালের পথ কার্যত নিশ্চিত করে ফেলেছে মোহন বাগান। আগামী সোমবার কিশোর ভারতীতে মাঠে নামবেন মনবীররা। তার আগে হাতে তিনদিন সময় রয়েছে। এই পর্বে ছেলেদের মধ্যে বোঝাপড়া আরও বাড়িয়ে তোলাই লক্ষ্য সবুজ-মেরুন গ্রিক কোচের। চোটের কারণে গত দু’টি ট্রেনিং মিস করেছিলেন আপুইয়া। এদিন সাইড লাইনে ফিজিওর তত্ত্বাবোধানে রিহ্যাব করেন এই মিজো ফুটবলার।
এদিকে, শুক্রবার ঘরের মাঠে লিগের ম্যাচে ভবানীপুরের মুখোমুখি হবে মোহন বাগান। শেষ ম্যাচে ক্যালকাটা কাস্টমসের কাছে হেরে চাপে বাস্তব রায়ের ছেলেরা। শুক্রবার দল জিততে না পারলে কোচ বদলের দাবি আরও জোরালো হবে। লিগে দারুণ ছন্দে রয়েছে ভবানীপুর। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে আপাতত গ্রুপ-এ’তে দ্বিতীয় স্থানে রয়েছে রঞ্জন চৌধুরির ছেলেরা। গোল পার্থক্যে ইস্ট বেঙ্গলের থেকে পিছিয়ে তারা। টানা চার ম্যাচ জিতে মোহন বাগানের বিরুদ্ধে নামছে ভবানীপুর। তাই শুক্রবার সায়ন-সুহেলদের জন্য লড়াইটা সহজ হবে না। উল্লেখ্য, ৫ ম্যাচে মোহন বাগানের সংগ্রহ ১০ পয়েন্ট।
মোহন বাগান মাঠে ম্যাচ শুরু বিকেল তিনটে। সম্প্রচার নাম্বার টেন স্পোর্টসে।