নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গোয়া ম্যাচের প্রস্তুতি শুরু মোহন বাগানে। বুধবার সুপার কাপের প্রথম সেমি-ফাইনালে সাহালদের প্রতিপক্ষ মানোলো মার্কুয়েজ-ব্রিগেড। হেভিওয়েট এফসি গোয়া চলতি টুর্নামেন্টে অন্যতম ফেভারিট। পূর্ণশক্তির দল নিয়ে ভুবনেশ্বর গিয়েছে তারা। চ্যাম্পিয়ন হয়ে এএফসি’র স্লট পেতে মরিয়া স্প্যানিশ কোচ। কোয়ার্টার-ফাইনালে পিছিয়ে পড়েও পাঞ্জাব এফসি’কে হারিয়েছে তারা। দুর্ধর্ষ গোয়াকে বশ মানানোই মোহন বাগানের লিটমাস টেস্ট।
সুপার কাপে কার্যত দ্বিতীয় সারির দল খেলাচ্ছে মোহন বাগান। তবে সবুজ-মেরুনের নিউক্লিয়াস তাদের মাঝমাঠ। সিনিয়র দলের সাহাল আবদুল সামাদ, আশিক কুরুনিয়ান, দীপক টাংরিরা কেরল ব্লাস্টার্সকে তছনছ করেছেন। কিন্তু গোয়ার বিরুদ্ধে লড়াই সত্যিই কঠিন। বিশেষজ্ঞদের ধারণা, ব্যাটল অব মিডফিল্ডের উপর ম্যাচের ভাগ্য নির্ভর করবে। গোয়ার সাজানো মাঝমাঠে ছড়ি ঘোরানো মোটেও সহজ নয়। কার্ল ম্যাকহাগ, উদান্তা সিংরা চমৎকার ফর্মে। পাশাপাশি মানোলোর সেরা অস্ত্র নিঃসন্দেহে বোরহা হেরেরা। স্প্যানিশ ফুটবলার দলের সম্পদ। মাঝমাঠের ফুসফুস তিনি। অথচ কার্লেস কুয়াদ্রাতের আমলে সুপার কাপ জয়ের রাতে এই বোরহাকেই ছেঁটে ফেলে ইস্ট বেঙ্গল! সেই সিদ্ধান্ত কত বড় ভুল তা প্রতি ম্যাচেই দেখাচ্ছেন বোরহা। পাঞ্জাবের বিরুদ্ধেও পিছিয়ে থাকা অবস্থায় তিনিই সমতায় ফেরান দলকে। মোদ্দা কথা, তাঁকে রোখাই বাস্তবের অগ্নিপরীক্ষা। কেরল ব্লাস্টার্সের নোয়াকে জোনাল মার্কিংয়ের জাঁতাকলে আটকে বোতলবন্দি করে মোহন বাগান। আমনদীপ ও আশিক কুরুনিয়ানের মার্কিংয়ে আটকে যান নোয়া। শেষ চারে বোরহাকে আটকাতে নিশ্চয়ই পরিকল্পনা তৈরি থিঙ্কট্যাঙ্কের। এক্ষেত্রে দীপক টাংরির উপর অনেক কিছ নির্ভর করবে। সুপার কাপে মোহন বাগানের অধিনায়ক টাংরি। কড়া ট্যাকলার তিনি। সোমবার ভুবনেশ্বরের ক্যাপিটাল এরিনায় অনুশীলনের পর দীপক টাংরির সঙ্গে দীর্ঘ বৈঠক করেন কোচ বাস্তব রায়। সূত্রের খবর, তাঁকে মার্কার করলেও অবাক হওয়ার থাকবে না।
কোয়ার্টার-ফাইনালে আশিক, সাহাল, সালাউদ্দিনদের পাসিং ফুটবল কেরলকে ধুতরো ফুল দেখায়। মনে রাখতে হবে, গোয়ার রক্ষণ তুলনায় অনেকটাই পোক্ত। সন্দেশ ঝিংগান, জয় গুপ্তারা কিন্তু ওপেন স্পেস দেবেন না। সেক্ষেত্রে ডেড বল মুভমেন্ট থেকে ফায়দা তোলার চেষ্টা করা জরুরি। পাশাপাশি, রক্ষণে নুনো রেইজ ও দীপ্যেন্দুকে আরও সতর্ক থাকতে হবে। স্প্যানিশ স্ট্রাইকার ইকের খুবই বিপজ্জনক। শুরুতে গোল চাপিয়ে বাস্তবের পরিকল্পনা ঘেঁটে দিতে চান গোয়ার কোচ মানোলো।