Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

প্রয়াত টুটু বসু

একটি যুগের পরিসমাপ্তি ময়দানে। প্রয়াত মোহন বাগানের প্রাক্তন সভাপতি তথা সংবাদ প্রতিদিনের কর্ণধার স্বপন সাধন বসু।

প্রয়াত টুটু বসু
  • ১৩ মে, ২০২৬ ০৯:১৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একটি যুগের পরিসমাপ্তি ময়দানে। প্রয়াত মোহন বাগানের প্রাক্তন সভাপতি তথা সংবাদ প্রতিদিনের কর্ণধার স্বপন সাধন বসু। গড়ের মাঠ তাঁকে চিনত টুটু বসু নামেই। সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শহরের এক বেসরকারি হাসপাতালে ভরতি হন তিনি। মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। খবর পেয়েই হাসপাতালে ছুটে গিয়েছিলেন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক এবং ফেডারেশেনর সভাপতি কল্যাণ চৌবে। খবর রেখেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। মঙ্গলবার রাতে সব লড়াই শেষ। ৭৮ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন তিনি।

Advertisement

ব্যক্তিগত জীবনে সফল উদ্যোগপতি হলেও ক্রীড়াপ্রেমী হিসেবেই মানুষের হৃদয়ে থাকবেন তিনি।  ময়দানে টুটু-অঞ্জন জুটি মিথ হয়ে রয়েছে। মোহন বাগানের সদস্য থেকে কালক্রমে সর্বময় কর্তা। দুই বন্ধুর হাত ধরে সবুজ-মেরুনে লেগেছিল আধুনিকতার ছোঁয়া। তাদের জমানায়া ক্লাবে আসে প্রথম স্পনসর। এছাড়াও মোহন বাগান ক্লাবে চিমা ওকেরিকে এনে প্রথম বিদেশি ফুটবলার সই করান তাঁরাই। অঞ্জন মিত্র প্রশাসনে দক্ষ হলে টুটু ছিলেন যাবতীয় মুশকিল আসান। দল গঠনে তাঁর অবদান সবুজ-মেরুন সমর্থকরা চিরকাল মনে রাখবে।
বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ক্লাবে যাতায়াত কমতে থাকে। তবে  উপস্থিত থাকতেন অনুষ্ঠানে। প্রাণপ্রিয় ক্লাবের প্রশাসন পুত্র সৃঞ্জয় এবং সৌমিক বসু দক্ষতার সঙ্গে সামাল দিচ্ছেন। বুধবার বেলা সাড়ে ১১টা নাগাদ মোহন বাগান  তাঁবুতে নিয়ে যাওয়া হবে টুটুবাবুর দেহ। সেখানেই শ্রদ্ধা জানাবেন ফুটবলপ্রেমী মানুষ। মোহন বাগান রত্ন টুটু বসুর প্রয়াণে শোকের ছায়া ময়দানে। ক্লাব সভাপতি দেবাশিস দত্ত বলেছেন, ‘অভিভাবককে হারালাম। মোহন বাগানে আধুনিকতার পথে নিয়ে যাওয়ার অন্যতম কাণ্ডারী টুটুদা।’ ইস্ট বেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকারের মন্তব্য, ‘ওঁর পরিবারকে সমবেদনা জানাই। মোহন বাগানে ওঁর অবদান ভোলার নয়।’ মহমেডান স্পোটিংয়ের দীপেন্দু বিশ্বাস বলেন, ‘অপূরণীয় ক্ষতি হল ময়দানের।’

Advertisement
সম্পর্কিত সংবাদ