ক্যালকাটা কাস্টমস- ১ : মোহন বাগান- ০
ক্যালকাটা কাস্টমস- ১ : মোহন বাগান- ০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত ম্যাচে ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে কোনোরকমে জিতে মাঠ ছেড়েছিল মোহন বাগান। ম্যাচের পর রেফারির উপর চড়াও হয়েছিলেন সুপার জায়ান্ট কর্মীরা। আর সম্ভবত সেই কারণেই ফোকাস নড়ে গিয়েছে ফুটবলারদের। ফল, শনিবার ঘরোয়া লিগে হারের স্বাদ চাখতে হল সবুজ-মেরুন ব্রিগেডকে। ঘরের মাঠে ক্যালকাটা কাস্টমস জিতল ১-০ ব্যবধানে। ম্যাচের শেষলগ্নে পেনাল্টি থেকে লক্ষ্যভেদে অফিস দলটিকে মূল্যবান তিন পয়েন্ট এনে দেন রাহুল সোরেন। এই হারের ফলে শীর্ষে থাকা ইস্ট বেঙ্গলের চেয়ে অনেকটাই পিছিয়ে পড়ল মোহন বাগান। ৫ ম্যাচে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লাল-হলুদ ব্রিগেড। আর ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে আপাতত গ্রুপ এ’তে শীর্ষে ভবানীপুর। এদিন জর্জ টেলিগ্রাফকে ১-০ গোলে হারায় রঞ্জন চৌধুরির ছেলেরা।
শনিবার মোহন বাগানের প্রথম একাদশে ছিলেন সিনিয়র দলের দুই ফুটবলার দীপক টাংরি ও অ্যালেক্স সাজি। এছাড়া সায়ন, সুহেল, দীপ্যেন্দুরা শুরু করেন। তবে কাস্টমসের সংঘবদ্ধ ফুটবলের সামনে বেশ ছন্নছাড়া দেখায় তাঁদের। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে প্রথমার্ধেই লিড নিতে পারত অফিস দলটি। ৭৭ মিনিটে মোহন বাগানের জালে বল জড়ালেও, রেফারি ফাউলের বাঁশি বাজান। এই সিদ্ধান্ত ঘিরে অভিযোগ জানায় কাস্টসম বেঞ্চ। লাল কার্ড দেখেন এক সাপোর্ট স্টাফ। মিনিট আটেক বাদেই বক্সের মধ্যে হ্যান্ডবল করেন মোহন বাগানের রোশন সিং। এবার পেনাল্টির বাঁশি বাজাতে ভুল করেননি রেফারি। স্পটকিক থেকে জাল কাঁপিয়ে দলের জয় নিশ্চিত করেন রাহুল সোরেন।
এদিকে, নতুন মরশুমে আরও শক্তিশালী হল মোহন বাগান সুপার জায়ান্টের আক্রমণভাগ। তিন বছরের চুক্তিতে জাতীয় দলের তারকা উইঙ্গার লালিয়ানজুয়ালা ছাংতেকে সই করাল সবুজ-মেরুন ব্রিগেড। গত কয়েক বছর মুম্বই সিটি এফসি’র জার্সিতে ধারাবাহিকভাবে পারফরম্যান্স মেলে ধরেছেন এই মিজো ফুটবলার। তাই ছাংতের অন্তর্ভুক্তি অবশ্যই দলের আপফ্রন্টকে আরও ক্ষুরধার করে তুলল। মোহন বাগানে সই করার পর ছাংতে জানান, ‘ভারতের যে কোনো ফুটবলারের সবুজ-মেরুন জার্সি গায়ে চাপানোর স্বপ্ন থাকে। ঐতিহ্য ও সাফল্যের নিরিখে এটাই দেশের সেরা ক্লাব। ছোটো থেকেই আমি ভাবতাম, কলকাতায় খেললে মোহন বাগানের জার্সিই গায়ে চাপাব। তাই প্রস্তাব পাওয়ার পর আর দ্বিতীয়বার ভাবিনি। গত কয়েক বছর যুবভারতীতে বিপক্ষ দল হিসেবে খেলতে নেমেছিলাম। এবার সবুজ-মেরুন সমর্থকদের সামনে খেলার জন্য মুখিয়ে আছি।’ ছাংতের অন্তর্ভুক্তিতে মোহন বাগানে মনবীর সিংয়ের ভবিষ্যৎ নিয়ে দেখা দিল অনিশ্চয়তা। আইএসএলে পানাজিওটিসের প্রশিক্ষণে ছাংতেই হবেন অটোমেটিক চয়েস। সেক্ষেত্রে বেঞ্চেই ঠাঁই হওয়া সম্ভাবনা উজ্জ্বল পাঞ্জাব তনয়ের।