নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘরোয়া লিগে মোহন বাগানের ম্যাচে ভিড় হচ্ছে বেশ। কিয়ান, সায়ন, সুহেলদের নিয়ে প্রবল আগ্রহ সমর্থকদের। দিল্লি বহু দূরে। তবে লিগ জেতার স্বপ্ন উঁকি দিচ্ছে গঙ্গাপাড়ের তাঁবুতে। এমন পরিস্থিতিতে শনিবারের বারবেলায় ফের মাঠে নামছে বাস্তব রায়ের দল। ঘরের মাঠে সবুজ-মেরুন ব্রিগেডের প্রতিপক্ষ কাস্টমস। লিগ টেবিলে আপাতত ৪ ম্যাচে ১০ পয়েন্ট মোহন বাগানের। সমসংখ্যক ম্যাচে কাস্টমসের সংগ্রহ ৫। তবে কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য অসুস্থ। মোহন বাগানের বিরুদ্ধে ডাগ-আউটে অনিশ্চিত তিনি।
গত ম্যাচে ইউনাইটেড কলকাতাকে ১-০ গোলে বশ মানায় মোহন বাগান। তবে জবি জাস্টিনের আচরণ নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। সুহেলদের গোল মিসও ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। কাশ্মীরি তরুণের প্রতিভার অভাব নেই। মোহন বাগান দিবসে সেরা উদীয়মান তারকার পুরস্কার পেয়েছেন সুহেলই। আত্মবিশ্বাস কাজে লাগাতে পারলে থিঙ্কট্যাঙ্কের চিন্তা কমবে। শুরুতে গোল পেলে অনেকটাই খোলা মনে খেলতে পারবে মোহন বাগান। তবে এই দলের ট্রাম্প কার্ড নিঃসন্দেহে সায়ন ব্যানার্জি। গত ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন। তবে কাস্টমসের বিরুদ্ধে খেলতে অসুবিধা হওয়ার কথা নয়। প্রান্তিক আক্রমণে ঝড় তুলছেন সায়ন। ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে সুহেলের লক্ষ্যভেদে তাঁরই অ্যাসিস্ট ছিল। অন্যদিকে, জুনিয়র নির্ভর দল কাস্টমস। স্কোয়াডের ৩৩ জনই বঙ্গসন্তান। তাঁদের উপর ভরসা করেই লড়াই মেলে ধরতে চায় তারা।
মোহন বাগান মাঠে ম্যাচ শুরু বিকেল তিনটেয়। সম্প্রচার নম্বর ১০ স্পোর্টস অ্যাপে।