Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

গোয়াকে হারিয়ে শিল্ড জয়ের সেলিব্রেশন চায় মোহন বাগান

‘হোম অব চ্যাম্পিয়ন্স।’ যুবভারতী জুড়ে ব্যানার সাজানোর কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। কামিংস, বিশালদের কাট-আউট ঘিরে রঙিন আলোর মায়াজাল।

গোয়াকে হারিয়ে শিল্ড জয়ের সেলিব্রেশন চায় মোহন বাগান
  • ৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শিবাজী চক্রবর্তী, কলকাতা: ‘হোম অব চ্যাম্পিয়ন্স।’ যুবভারতী জুড়ে ব্যানার সাজানোর কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। কামিংস, বিশালদের কাট-আউট ঘিরে রঙিন আলোর মায়াজাল।  আবির, চিংড়ি আর ফুলের তোড়ায় উৎসবের প্রস্তুতি মোহন বাগানে। আইএসএলের লিগ-শিল্ড ইতিমধ্যেই হোসে মোলিনার পকেটে। শনিবার সন্ধ্যায় নিয়মরক্ষার ম্যাচে ভারতসেরাদের প্রতিপক্ষ এফসি গোয়া। ম্যাচের পর সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হবে অধিনায়ক শুভাশিস বসুর হাতে। মোলিনা-ব্রিগেডের সঙ্গে বয়সভিত্তিক দলকে সেলিব্রেশনের মঞ্চে হাজির করার অভিনব পরিকল্পনাও সারা। ৬২ হাজার টিকিট কার্যত হটকেক। এফএসডিএলের বড়-মেজো-সেজো কর্তারাও ভিড় জমাবেন যুবভারতীতে। সপ্তাহান্তে ফুটবলের মক্কায় একটাই কলারটিউন— ‘চিরকাল রেলায় আছে, থাকবে মোহন বাগান।’
২৩ ম্যাচে পালতোলা নৌকার পয়েন্ট ৫৩। দ্বিতীয় স্থানে থাকা গোয়া ৫ পয়েন্টে পিছিয়ে। শেষ ম্যাচে মোটিভেশনের সমস্যা হতে পারে? প্রশ্ন উঠতেই স্টেপ আউট করে ছক্কা হাঁকালেন হোসে মোলিনা। স্প্যানিশ কোচের মন্তব্য, ‘দলটার নাম মোহন বাগান। সবুজ-মেরুন জার্সি পরে ছেলেরা মাঠ নামবে। জেতা ছাড়া অন্য কিছু ভাবতেই রাজি নই।’ প্রতিপক্ষকে বশ মানানোর উদগ্র নেশা। চ্যাম্পিয়ন সুলভ খুনে মানসিকতা। ধারাবাহিকতাই লিস্টনদের অভ্যাস। শুরু থেকেই চাপ বাড়িয়ে বিপক্ষকে তুবড়ে দেওয়ার প্রেসার ট্যাকটিক্স। গ্রুপের শেষ ম্যাচেও প্রেসিং ফুটবলের রাস্তা থেকে সরতে নারাজ স্প্যানিশ বস। তবে কার্ড সমস্যায় নেই শুভাশিস আর দীপক টাংরি। এছাড়া বিশ্রাম দেওয়ার ভাবনা জেমি ম্যাকলারেনকে। আসলে অজি বিশ্বকাপার ইতিমধ্যেই তিনটি হলুদ কার্ড দেখেছেন। আর একটি কার্ড হওয়া মানেই সেমি-ফাইনাল থেকে ছিটকে যাবেন তিনি। অতএব ঝুঁকি না নিয়ে তুলোয় মুড়ে রাখা হচ্ছে ম্যাকাকে। যুবভারতীতে দুই স্প্যানিশ কোচের দ্বৈরথের আরও মশলা মজুত। ফাতোরদা স্টেডিয়ামে সন্দেশ ঝিংগানদের কাছে পরাস্ত হয় মোলিনার দল। নিজের দুর্ভেদ্য দুর্গে পাল্টা দেওয়ার সুযোগ কামিংসদের সামনে। ইদানীং সোশ্যাল সাইটে সমর্থকদের চেনা হুঙ্কার, মোহন বাগান কারও ধার বাকি রাখে না। শনিবার রাতে মানোলোর দলকে তা বুঝিয়ে দেওয়ার পালা। ম্যাচের আগের দিন কোচের পর সাংবাদিক সম্মেলনে এলেন দিমিত্রি পেত্রাতোস। বড় ম্যাচের বড় ফুটবলার তিনি। ডুরান্ড কাপ ফাইনালের ডার্বি হোক বা চলতি টুর্নামেন্টের খেতাবি লড়াই। দিমির ফিনিশে প্রতিপক্ষ ভ্যানিশ। অজি ফুটবলার মুডেই আছেন। জানালেন ওড়িশা ম্যাচে লক্ষ্যভেদ তাঁর অন্যতম সেরা। পেত্রাতোসের মন্তব্য, ‘ফুটবলারের জীবনে চড়াই-উতরাই থাকেই। ঠিক সময়ে ফর্মে ফিরেছি।’ অন্যদিকে সন্দেশ ঝিংগান, সাদিকু, কার্ল ম্যাকহাগের মতো মোহন বাগানের প্রাক্তনীরা চ্যালেঞ্জ ছুড়তে তৈরি। 
আইএসএলের ইতিহাসে মোহন বাগানের দাপট প্রশ্নাতীত। শেষ আড়াই দশকে মোলিনা ব্রিগেডই কি সেরা ভারতীয় দল? ধারাবাহিকতায় কাছাকাছি থাকবে আর্মান্দোর ডেম্পো আর আশিয়ানজয়ী ইস্ট বেঙ্গল। চায়ে পে চর্চায় তুমুল তরজা হতেই পারে। তবে একটা বিষয় নিয়ে সন্দেহ থাকা উচিত নয়। এই মুহূর্তে মোহন বাগানই ভারতীয় ফুটবলের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর।

Advertisement

ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে।
সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টসে।

Advertisement
সম্পর্কিত সংবাদ