নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কয়েকদিন আগেই দায়িত্ব ছেড়েছেন মহমেডান কোচ মেহরাজউদ্দিন ওয়াডু। দ্রুত তাঁর বদলি খুঁজে নিলেন সাদা-কালো কর্তারা। ব্রিটিশ জেমস ম্যাকলুনকে চূড়ান্ত করে চুক্তিপত্র পাঠিয়ে দিল মহমেডান। একইসঙ্গে দুই ব্রাজিলিয়ান ফুটবলারের সঙ্গেও কথাবার্তা পাকা। কিন্তু নতুন বছরের ১ জানুয়ারির আগে তাঁরা খেলতে পারবেন না। এমনকি ম্যাকলুনের ডাগ-আউটি বসাতেও নিষেধাজ্ঞা। ফিফার ট্রান্সফার ব্যান উঠলেও শাস্তি বহাল থাকছে আরও কয়েক মাস। দায় কার? মহমেডান সচিব দায় চাপাচ্ছেন পুরনো কমিটির উপর। অভিযোগ, সাবোতেজের শিকার তাঁরা। ফিফার শাস্তির কথা তাঁদের জানানোই হয়নি। এমনকি, ই-মেলও মুছে ফেলা হয়েছে। হার্ড কপিও নেই। ফলে দায়িত্ব নিয়ে অঙ্কিত, লাকরা, জার্মানপ্রীতদের সই করালেও খেলানোর উপায় নেই।



