Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

অনূর্ধ্ব-১৪ লিগে ৫ ম্যাচে ৭৫ গোল হজম, লজ্জার হাত থেকে বাঁচতে দল তুলে নিল মহমেডান

মাত্র ৫টি ম্যাচে ৭৫ গোল হজম! সাব-জুনিয়র লিগে এমনই লজ্জায় মুখ পুড়েছে শতাব্দীপ্রাচীন মহমেডান স্পোর্টিংয়ের।

অনূর্ধ্ব-১৪ লিগে ৫ ম্যাচে ৭৫ গোল হজম, লজ্জার হাত থেকে বাঁচতে দল তুলে নিল মহমেডান
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাত্র ৫টি ম্যাচে ৭৫ গোল হজম! সাব-জুনিয়র লিগে এমনই লজ্জায় মুখ পুড়েছে শতাব্দীপ্রাচীন মহমেডান স্পোর্টিংয়ের। এর মধ্যে মোহন বাগানের কাছেই ২৩ গোলে বশ মেনেছিল সাদা-কালো ব্রিগেড। লজ্জা আরও বাড়ার আগেই তড়িঘড়ি লিগ থেকেই দল তুলে নেওয়ার সিদ্ধান্ত নিলেন কর্তারা। ইতিমধ্যেই ফেডারেশনকে চিঠি দিয়ে সে কথা জানিয়ে দিয়েছেন তাঁরা। ক্লাবের কার্যনিবাহী সভাপতি মহম্মদ কামারুদ্দিন জানান, ‘গত কয়েক মাস ধরেই কঠিন সময়ের মধ্যে দিয়ে চলেছি আমরা। আইএসএলে দল গঠনের উপর জোর দিতে গিয়ে বয়সভিত্তিক ফুটবলকে গুরুত্ব দেওয়া হয়নি। কোনওক্রমে দল গড়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করা হয়। ছেলেরা আশানুরূপ ফল পেতে ব্যর্থ। তাই দল তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ ক্লাব সচিব ইস্তিয়াক আহমেদ রাজুর গলায় ধরা পড়ল অন্য সুর। তিনি সাফ বলেন, ‘কারা মাঠে খেলছে সেটা বড় কথা নয়। দিনের শেষে মহমেডান ক্লাবের নামটা জড়িয়ে। সেখানে ৫ ম্যাচে ৭৫ গোলে হজম অবশ্যই লজ্জার। তাই আগামী দিনে যাতে আরও বড়কিছুর মুখে পড়তে না হয়, তাই এই সিদ্ধান্ত। আসলে আমরা যাকে দল গঠনের দায়িত্ব দিয়েছিলাম, সে যথাযথভাবে তা পালন করতে ব্যর্থ।’

Advertisement

বয়সভিত্তিক ফুটবলে ডামাডোলের মধ্যেই শুক্রবার আইএসএলের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে মহমেডান স্পোর্টিং। ঘরের মাঠে মেহরাজউদ্দিন ওয়াডু ব্রিগেডের প্রতিপক্ষ এফসি গোয়া। উল্লেখ্য, জামশেদপুর এফসি’র বিরুদ্ধে হার দিয়ে লিগ অভিযান শুরু করে সাদা-কালো ব্রিগেড। সেই ধাক্কা কাটিয়ে শুক্রবার জয়ে ফিরতে মরিয়া রেড রোডের ক্লাবটি।

সম্পর্কিত সংবাদ