নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দায়িত্বগ্রহণের মাত্র ২ মাসের মধ্যে মহামেডান স্পোর্টিংয়ের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল হুমায়ুন কবীরকে। আজ, বৃহস্পতিবার ফুটবল ক্লাবের তাঁবুকে সাংবাদিক সম্মেলন করেন সচিব ওয়াসিম আক্রাম। জানান, তিনবার প্রায় দেড় কোটি টাকার চেক বাউন্স হওয়ার ঘটনায় হুমায়ুনের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন ক্লাবের সমর্থকরা। ক্লাবকে আর্থিক সঙ্কট থেকে দূর করার প্রতিশ্রুতি দিয়েই সভাপতির পদে বসেছিলেন তিনি। কিন্তু তিনি কার্যত কিছুই করে উঠতে পারেননি। এর উপর তাঁর দেওয়া একের পর এক চেক বাউন্স হয়েছে। শেষে প্রতিশ্রুতি ভঙ্গের দায়ে সভাপতির পদ থেকে অপসারিত করা হল নওদার বিধায়ক হুমায়ুনকে। গত সোমবার তাঁকে আইনি নোটিসও পাঠানো হয়েছে ক্লাবের পক্ষ থেকে। এরপর আজ ক্লাবে কার্যকরী সমিতির বৈঠক হয়। সেখানে উপস্থিত সদস্যের সঙ্গে সভাপতি নির্বাচনের বিষয়ে দীর্ঘ আলোচনা হয়। মিটিং শেষে ক্লাবের নতুন সভাপতির দায়িত্ব দেওয়া হয় গজল জাফরকে। এর আগে তাঁকে ক্লাবের অন্তর্বর্তী সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছিল।



