Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মোদির জন্মদিন: কাল দেড়লক্ষ প্রদীপ জ্বলবে তিন বিধানসভার পাঁচ জায়গায়

রাভা থেকে বৈরাতি নৃত্য। মারুনি থেকে আদিবাসী নৃত্য। সেই সঙ্গে থাকবে লোকসঙ্গীত ও বাউল গান

মোদির জন্মদিন: কাল দেড়লক্ষ প্রদীপ জ্বলবে তিন বিধানসভার পাঁচ জায়গায়
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: রাভা থেকে বৈরাতি নৃত্য। মারুনি থেকে আদিবাসী নৃত্য। সেই সঙ্গে থাকবে লোকসঙ্গীত ও বাউল গান। সঙ্গতে একতারা, দোতারা, ধামসা, মাদল ও ঢাক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন ও জনসেবার ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে কাল, বৃহস্পতিবার শিলিগুড়ির তিন বিধানসভা কেন্দ্রের পাঁচটি জায়গায় এমন অনুষ্ঠান করবে প্রশাসন। তারা তিন বিধানসভা কেন্দ্রে জ্বালাবে দেড়লক্ষ আশীর্বাদ প্রদীপ। মঙ্গলবার স্টেট গেস্ট হাউসে পর্যটনমন্ত্রী শংকর ঘোষের উপস্থিতিতে এ ব্যাপারে প্রস্তুতি বৈঠক করে প্রশাসন। একই সঙ্গে পাঁচটি জায়গাতেই রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের হাজার হাজার উপভোক্তাকে হাজির করা হবে। 

Advertisement

পর্যটনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর জনসেবার ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে একমাসব্যাপী সেবা সংকল্প অভিযান করা হবে। আশীর্বাদ প্রদীপ জ্বালানোর মধ্য দিয়ে সংশ্লিষ্ট অভিযানের সূচনা হবে। অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে এদিনের প্রশাসনিক বৈঠকে আলোচনা করা হয়েছে। 
শিলিগুড়ি ‘কসমোপলিটন’ সিটি। এখানে বাংলা, হিন্দি, নেপালি, পঞ্জাবি সহ বিভিন্ন ভাষাভাষির মানুষ বসবাস করে। এজন্য এই এলাকাটি ‘মিনি ইন্ডিয়া’ হিসাবে পরিচিত। তাই আশীর্বাদ প্রদীপ জ্বালানোর কর্মসূচিতে সর্বস্তরের মানুষকে শামিল করতে প্রশাসন প্রস্তুতি বৈঠক করেছে। বৈঠকে মন্ত্রী ছাড়াও শিলিগুড়ির মহকুমা শাসক বিকাশ রুহেলা ছাড়াও পুরসভা, মহকুমা পরিষদ সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা হাজির ছিলেন। 
প্রশাসন সূত্রের খবর, আগামিকাল, শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বাঘাযতীন পার্কে, মহানন্দা নদীর লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে এবং শিলিগুড়ি জংশনে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে। আলিপুরদুয়ারের রাভা নৃত্য, জলপাইগুড়ির বৈরাতি নৃত্য এবং কার্শিয়াংয়ের নেপালি নৃত্য মারুনির দল থাকবে। আর থাকবে শিলিগুড়ির আদিবাসী নৃত্য ও বাউল গানের দল। একতারা, দোতারা, ধামসা, মাদল ও ঢাকের তালে তালে ওই দলগুলি নিজেদের নৃত্য ও সঙ্গীত পরিবেশন করবে। বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ নিজেদের পোশাক পরে শামিল হবেন অনুষ্ঠানে। প্রতিটি জায়গাতেই রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের হাজার হাজার উপভোক্তা হাজির হবে। 
একই ধরনের অনুষ্ঠান মাটিগাড়া-নকশালবাড়ি এবং ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্র দু’টিতে হবে। প্রশাসনের এক আধিকারিক বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প তুলে ধরা হবে। মহানন্দার পাড়ে হবে আরতি। সেই সঙ্গে তিনটি বিধানসভা কেন্দ্রে ৫০ হাজার করে দেড় লক্ষ প্রদীপ জ্বালানো হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ