ব্যর্থতা ঢাকতেই শিল্পপতিদের বিঁধছেন মোদি, ঠেস কংগ্রেসের
  • ২১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিজের ব্যর্থতা ঢাকতে প্রধানমন্ত্রী শিল্পপতিদের সমালোচনা করছেন। ভয় দেখাচ্ছেন। শুক্রবার এই মর্মেই সমালোচনা করল কংগ্রেস। বণিকসভা ‘ফিকি’র অনুষ্ঠানে বৃহস্পতিবার নরেন্দ্র মোদি শিল্পপতিদের সামনে যা বলেছেন, তা আসলে প্রধানমন্ত্রীর ব্যর্থতাই প্রকাশ করছে। শুক্রবার দাবি করেন কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ। বললেন, বেসরকারি বিনিয়োগ দেশে বাড়ছে না। তার জন্য দায়ী নরেন্দ্র মোদির নীতি। অথচ সেটি স্বীকার না করে তিনি উদ্যোগপতিদের ভয় দেখাচ্ছেন। তাঁদের ঘাড়ে দায় চাপাচ্ছেন। প্রধানমন্ত্রী কেন স্বীকার করছেন না যে, নোটবন্দি, তাড়াহুড়ো করে ত্রুটিপূর্ণ জিএসটি চালু করার ফলে ব্যাপক হারে মার খেয়েছে দেশের ব্যবসা বাণিজ্য? প্রশ্ন তুলে জয়রাম বলেন, মোদি সরকারের আমলে তো মুখে আত্মনির্ভর ভারত। অথচ দিনদিন আমদানি বাড়াতে হচ্ছে চীন থেকে। অর্থাৎ আত্মনির্ভর ভারত, আমদানি চীন থেকে, এটাই কি সরকারের নীতি? কটাক্ষ জয়রামের। 

Advertisement

তাঁর মন্তব্য, দেশের অর্থনীতির বেহাল দশা নিয়ে কংগ্রেস এতদিন ধরে যা বলে আসছে, প্রধানমন্ত্রী এখন কার্যত সেটাই স্বীকার করে নিয়েছেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারেও এই একই কথা বলা হয়েছিল। মানুষের মজুরি বাড়ছে না। কর কমানো সত্ত্বেও বেসরকারি বিনিয়োগে উল্লেখযোগ্য বৃদ্ধি হচ্ছে না। কর্মসংস্থানও তৈরি হচ্ছে না। জয়রামের অভিযোগ, গত ১২ বছরে প্রধানমন্ত্রী মুষ্টিমেয় কয়েকজন ব্যবসায়ীর আধিপত্য ক্রমশ বাড়িয়েছেন। এতে সবচেয়ে বেশি কুপ্রভাব পড়েছে ক্ষুদ্র ব্যবসায়ী, শিল্পোদ্যোগী এবং সাধারণ মানুষের ওপর। দেশে ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি করেছেন প্রধানমন্ত্রী। তাই বিনিয়োগকারীরা বিদেশে বিনিয়োগ করলেও দেশে করছেন না। 
জয়রাম রমেশ মনে করিয়ে দেন, একটা সময় প্রতি বছর ফিকির অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার বিষয়টি ঐতিহ্য ছিল। পণ্ডিত জওহরলাল নেহরু ১৬ বার, ইন্দিরা গান্ধী বক্তব্য রেখেছিলেন ১২ বার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  গত ১২ বছরে মাত্র তিনবার ফিকির মঞ্চে বক্তব্য রেখেছেন।