Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

২২-৩০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রলে শুল্কছাড় মোদি সরকারের, কটাক্ষ বিরোধীদের

মোদি সরকার ২২-৩০% ইথানল মিশ্রিত পেট্রলকে শুল্কমুক্ত ঘোষণা করেছে। তবে সাধারণ মানুষের উপকার হবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে। বিস্তারিত পড়ুন।

২২-৩০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রলে শুল্কছাড় মোদি সরকারের, কটাক্ষ বিরোধীদের
  • ১২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে জ্বালানি সংকট নিয়ে উদ্বেগ বাড়ছে। কয়েক দফায় দাম বেড়েছে পেট্রল ও ডিজেলে। এরমধ্যে দেশে বিকল্প পেট্রলের ব্যবহার বাড়াতে তৎপর মোদি সরকার। এই লক্ষ্যে এবার উচ্চহারে ইথানল মিশ্রিত পেট্রলে বড়ো ছাড় ঘোষণা করল কেন্দ্র। বুধবার এক বিজ্ঞপ্তিতে ২২-৩০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রলকে আবগারি শুল্কমুক্ত করার কথা জানিয়েছে অর্থমন্ত্রক। এই ঘোষণা অনুযায়ী ই-২২, ই-২৫, ই-২৭ এবং ই-৩০— এই চার ধরনের জ্বালানির উপর আবগারি শুল্কে সম্পূর্ণ ছাড় দিচ্ছে মোদি সরকার। তাতে আমআদমির অনেকটাই সুরাহা হবে বলে দাবি করা হচ্ছে। যদিও প্রশ্ন উঠছে, এই ধরনের পেট্রলে চলার মতো গাড়ি কি আদৌ ভারতে রয়েছে? তথ্যাভিজ্ঞ মহলের উত্তর, না। সবচেয়ে বড়ো কথা হল, বাণিজ্যিকভাবে এই তেলে পাওয়া যায় না। তারা জানিয়েছে, পেট্রল চালিত গাড়ির মধ্যে ৩০ শতাংশেরও কম ই-২০ জ্বালানিতে চলছে। গত বছর চালু হওয়া ইথানল মিশ্রিত এই পেট্রল নিয়ে ব্যবহারকারীরাও খুশি নন। তাঁদের অভিযোগ, এই জ্বালানি ব্যবহারের পর গাড়ির মাইলেজ (একলিটারে গাড়ি যত কিলোমিটার যায়) কমে গিয়েছে। লোকালসার্কেল নামে একটি সংস্থা এই বিষয় নিয়ে সমীক্ষা চালিয়েছিল। তাতে ই-২০ জ্বালানি ব্যবহারকারী ২৪ হাজার ৭১০ জনের সঙ্গে কথা বলা হয়। তাঁদের অর্ধেকের দাবি, মাইলেজ ২০ শতাশে পর্যন্ত কমে গিয়েছে। এখানেই শেষ নয়। আরও উল্লেখযোগ্য তথ্য হল, ই-২২, ই-২৫, ই-২৭ ও ই-৩০ পেট্রল বাজারে পাওয়াই যায় না। ফলে নয়া ঘোষণায় আদৌ সাধারণ মানুষের কী লাভ হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিরোধীদের অভিযোগ, এই ঘোষণায় কারও কোনো সুবিধা হবে না। প্রচারসর্বস্ব মোদি সরকারের এটি আরও এক ধাপ্পা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ