Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুরে পাড়ায় পাড়ায় ভ্রাম্যমাণ সবজি বাজার

বহরমপুর শহরের পাড়ায় পাড়ায় এখন সুফল বাংলার ভ্রাম্যমান সবজি বাজার পৌঁছে যাচ্ছে।

বহরমপুরে পাড়ায় পাড়ায় ভ্রাম্যমাণ সবজি বাজার
  • ২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বহরমপুর: বহরমপুর শহরের পাড়ায় পাড়ায় এখন সুফল বাংলার ভ্রাম্যমান সবজি বাজার পৌঁছে যাচ্ছে। রাজ্য সরকারের পক্ষ থেকে বিক্রেতাদের সাজানো গাড়ি, বিক্রির সরঞ্জাম, সব্জি রাখার জায়গা দেওয়া হচ্ছে। বিনিময়ে বিক্রেতাদের খোলা বাজার অপেক্ষা কম দামে সবজি বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। সুফল বাংলার প্রতিটি স্টলেই নজরদারি রাখা হচ্ছে। বিক্রেতাদের দাবি, মানুষের চাহিদা ক্রমশ বাড়ছে। ভালো বিক্রি হচ্ছে। বিক্রি বেশি হওয়ায় লাভে পুষিয়ে যাচ্ছে। সুফল বাংলা স্টলে সস্তার সবজি মেলায় ক্রেতাদের লাইন পড়ছে। ক্রেতাদের দাবি, সুফল বাংলা স্টল থেকে সস্তায় সবজি সরবরাহ করায় খোলা বাজারে বিক্রেতারা বাধ্য হয়ে দাম নামাতে শুরু করেছেন।

Advertisement

শীতের সবজির দাম নিয়ে এবার শহরের মানুষ বারবার অসন্তোষ প্রকাশ করেছেন। এক শ্রেণির অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ তুলে রাজ্য সরকারের হস্তক্ষেপের দাবি উঠছিল। সবজি বাজারে অভিযান চালিয়েও জেলা প্রশাসন দাম সেভাবে নিয়ন্ত্রনে আনতে পারেনি। অবশেষে পাড়ায় পাড়ায় সুফল বাংলার ভ্রাম্যমান সবজি বাজার পাঠানো শুরু হয়েছে। এরফলে শহরের মানুষ দুয়ারে সস্তায় সবজি পাচ্ছেন। পাশাপাশি বিক্রেতারা সরকারি সাহায্যে সমস্ত সরঞ্জাম পেয়ে কর্ম সংস্থানের দিশা পেয়েছেন। বহরমপুর শহরে প্রতিদিন সকালে এলাকাভিত্তিক তিন চারজনের দল সাজানো গাড়ি ভর্তি করে সবজি নিয়ে পৌঁছে যাচ্ছেন। সুতির মাঠ বটতলা, গোরাবাজার জজকোর্ট মোড় সহ একাধিক জায়গায় সুফল বাংলার ভ্যাম্যমান গাড়ি পৌঁছে যাচ্ছে।

রবিবার সুফল বাংলা স্টলে আলু বিক্রি হয়েছে ১০ টাকা কেজি দরে। সুফল বাংলার প্রভাবে শহরের অন্য বাজারগুলিতে আলুর দাম ১৪ টাকা টাকা থেকে ১২ টাকায় নেমে এসেছে। সরস্বতী পুজোয় বেগুন সেঞ্চুরি ছুঁয়েছিল। সুফল বাংলা স্টলে বেগুন ২৫ টাকা দরে বিকোচ্ছে। নতুন পেঁয়াজ ১৫ টাকা, গাজর ১৫ টাকা, মটরশুটি ২৫ কেজি দরে বিক্রি হয়েছে। পালং শাক ১০ টাকা আঁটি, বড় সাইজের ফুলকপি ২৫ টাকা, বাঁধাকপি ২০ টাকা পিস হিসেবে বিক্রি হয়েছে।

সুফল বাংলা স্টলের বিক্রেতা কায়েশ মণ্ডল বলেন, আমাদের বাজার অপেক্ষা কম দামে বিক্রির জন্য বলা হয়েছে। কম দামে বেশি বিক্রি হওয়ায় লাভ ভালোই হচ্ছে। সাদিউজ্জামান শেখ বলেন, মানুষ সস্তায় সব্জি পাচ্ছেন। আমাদের কর্ম সংস্থান হয়েছে। এর বেশি কী চাই। জজকোর্ট মোড়ে সুফল বাংলা স্টল থেকে দু’ব্যাগ ভর্তি বাজার করেছেন দীপালি পাল। দীপালিদেবী বলেন, সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাতেই হবে। খোলা বাজারে বিক্রেতারা যে বেহিসেবি দাম হাঁকাত এখন বোঝা যাচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ