পাটনা: ‘পাল্টুরাম’। নীতীশ কুমারকে এমনই তকমা দিয়েই কটাক্ষ করেন তাঁর বিরোধীরা। এখন মোদি সরকারের অন্যতম ভরসা বিহারের মুখ্যমন্ত্রীর দল জেডিইউ। এরইমধ্যে বুধবার বিহারের দ্বারভাঙায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নীতীশের সম্পর্কের সমীকরণ ফের প্রকাশ্যে এল। মঞ্চেই মোদির পা ছুঁয়ে প্রণাম করতে এগিয়ে যান নীতীশ। তড়িঘড়ি আসন ছেড়ে উঠে ৭৩ বছরের নীতীশকে আটকান মোদি। দু’জনে করমর্দন করেন। ইতিমধ্যেই এই ঘটনার ভিডিও সামনে এসেছে।
তবে এই প্রথমবার নয়। এর আগে জুন মাসে সংসদের কেন্দ্রীয় হলে একইভাবে মোদির পা ছুঁয়ে প্রণাম করতে যান নীতীশ। এমনকী এপ্রিলেও বিহারে লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীন একবার প্রধানমন্ত্রীকে প্রণাম করেন তিনি। আর এই ‘মোদি-আনুগত্যের’ জন্য সেইসময় তাঁর কড়া সমালোচনা করেছিলেন বিরোধীরা। মজার বিষয়, প্রধানমন্ত্রীর বয়স ৭৪ বছর। আর তাঁর থেকে মাত্র এক বছরের ছোটো নীতীশ কুমার। তা সত্ত্বেও বারবার এহেন প্রণামের দৃশ্য রীতিমতো চর্চার বিষয় হয়ে উঠেছে। এদিনের অনুষ্ঠানে নীতীশের প্রশংসা করেন মোদি।