নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: টিটাগড়ের প্রাক্তন কাউন্সিলার মণীশ শুক্লা খুনের মামলায় সুবোধ সিংকে ফের যুক্ত করায় খুশি তাঁর বাবা চন্দ্রমণি শুক্লা। তিনি হাইকোর্টের রায়ের উপর ভিত্তি করে বারাকপুরের দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজের কাছে আবেদন করতে চলেছেন। সেইসঙ্গে ছেলের খুনের বিচার পর্ব বারাকপুর কোর্ট থেকে সরিয়ে অন্য নিম্ন আদালতে করার আবেদন জানিয়েছেন। উল্লেখ্য, বছর দুয়েক আগে সুবোধ সিংকে এই মামলা থেকে রেহাই দিয়েছিল বারাকপুর আদালত।
Advertisement
কিন্তু চন্দ্রমণি বারবার অভিযোগ করেছেন, তাঁর ছেলেকে খুন করতে বিহারের বেউড় জেলে বসে প্ল্যান করেছিল সুবোধ সিং। এই মামলায় তার অনুগামী সহ ১৪ জন গ্রেপ্তার হয়েছে। ফের তাকে মামলায় যুক্ত করে বিচার পর্ব শুরু হবে বলে আশাবাদী মণীশের বাবা। তিনি বলেন, প্রায় সাড়ে চার বছর হতে চলল ছেলের খুনের বিচার পেলাম না। মামলা বারাকপুর কোর্টে থাকলে আমরা বিচার পাব না। এখন পর্যন্ত সাক্ষ্য দান শুরু হল না। তাই মামলা এখান থেকে সরিয়ে নিতে চাই।



