নয়াদিল্লি: মায়ানমারের বিস্তীর্ণ এলাকা দখল করে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। জুন্টা সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তারা। মায়ানমার-বাংলাদেশ সীমান্তের টেকনাফেরও কিছু অংশ এই আরাকান আর্মি দখল করে নিয়েছে বলে খবর মিলেছিল। এবার ভারত-মায়ানমার সীমান্তেও এসে পৌঁছেছে বিদ্রোহীরা। মায়ানমারের চিন প্রদেশের ৮০ শতাংশ এলাকা আরাকান আর্মির দখলে চলে গিয়েছে বলে তাদের সঙ্গী ‘চিন ব্রাদারহুড’ জানিয়েছে। চিন প্রদেশের পাশেই মণিপুর রাজ্য। চিন প্রদেশে মূলত কুকি জনগোষ্ঠীর বাস। মেইতেই-কুকিদের সংঘর্ষের জেরে এমনিতেই অশান্ত মণিপুর। আরাকান আর্মির চিন প্রদেশ দখলের পর পরিস্থিতি আরও ঘোরালো হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এর আগে বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন প্রদেশ দখল করেছিল বিদ্রোহী গোষ্ঠী।



