Bartaman Logo
১০ জুন, ২০২৬

মণিপুরে গ্রেপ্তার ৯ জঙ্গি, উদ্ধার অস্ত্র ও বিস্ফোরক

মণিপুরে গ্রেপ্তার ৯ জঙ্গি, উদ্ধার অস্ত্র ও বিস্ফোরক
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বিশেষ সংবাদদাতা, ইম্ফল: উত্তর-পূর্ব ভারতের হিংসাদীর্ণ মণিপুরে ধৃত ৯ জঙ্গি।  ইম্ফল পূর্ব ও থৌবল জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। শনিবার এমনটাই জানিয়েছে মণিপুর পুলিস। পাশাপাশি, কাকচিং জেলার একটি নদীর তীর থেকেও বিপুল অস্ত্রসস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। শুক্রবার থৌবল জেলার হেইরোক চিংডোমপোক এলাকা থেকে নিষিদ্ধ কাংলেইপক কমিউনিস্ট পার্টি (নয়ন)-এর চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অপহরণ ও তোলাবাজির অভিযোগ রয়েছে। ওই চার জঙ্গিকে এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতদের থেকে সাতটি মোবাইল, একটি ব্যাগ এবং একটি চারচাকার গাড়ি উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, ইম্ফল পূর্ব জেলার খাবেইসোই সাত এমআর গেট থেকে চার জঙ্গিকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। ধৃতেরা কেসিপি (পিডবলুজি) সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। শুক্রবার এই জেলা থেকেই আরও এক জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। ধৃত ইউএনএলএফ (পামবেই)-এর সদস্য। তোলাবাজি ও অস্ত্র-বিস্ফোরক সরবরাহে যুক্ত এই জঙ্গিকে নুনগোই আওয়াং লেইকেই এলাকায় হাতেনাতে ধরে পুলিস। ধৃতের থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি বাজেয়াপ্ত করেছেন আধিকারিকরা। এছাড়া, ওইদিনই কাকচিং জেলার হিয়াংলাম নাতেকং থনজিং এলাকার একটি নদীর পার থেকে বিপুল সংখ্যক অস্ত্র ও বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়েছে। এরমধ্যে দু’টি সিঙ্গল ব্যারেল বন্দুক, স্কোপ সহ একটি অত্যাধুনিক স্নাইপার রাইফেল, একটি দেশি পিস্তল, পাঁচটি হ্যান্ড গ্রেনেড, চারটি আইইডি রয়েছে। তল্লাশিতে মিলেছে ইনসাস রাইফেলের তাজা গুলি, ৯এমএম পিস্তল, দু’টি হ্যান্ডসেট ও চীনা ড্রোনও। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ