নয়াদিল্লি: বুধবার রাতে বলিউডের বহুল চর্চিত কাপুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই নিয়ে কৌতুকের সুরে কটাক্ষ ছুড়ে দিল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় হাতশিবিরের মুখপাত্র পবন খেড়া লিখেছেন, ‘আমরা বলেছিলাম মণিপুর, উনি ভেবেছেন করিনা কাপুর।’ দীর্ঘদিন ধরে জ্বলছে মণিপুর। উত্তর-পূর্বের এই রাজ্যে গোষ্ঠী সংঘর্ষে মৃতের সংখ্যা কয়েকশো ছাড়িয়েছে। হাজার হাজার মানুষ বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। অশান্তি বন্ধ করতে বারবার প্রধানমন্ত্রীকে সক্রিয় হওয়ার আর্জি জানিয়েছে কংগ্রেস সহ বিরোধী ইন্ডিয়া শিবিরের দলগুলি। তাঁকে সেখানে যেতে অনুরোধও করা হয়েছিল। তবে, মোদি তৎপর হননি বলে অভিযোগ। কিন্তু, বলিউডের কাপুর পরিবারের সঙ্গে সাক্ষাতের জন্য যথেষ্ট সময় পাচ্ছেন প্রধানমন্ত্রী।



