ইম্ফল: মণিপুরে জঙ্গিরা স্টারলিঙ্কের ইন্টারনেট পরিষেবা ব্যবহার করছে বলে আগেই অভিযোগ উঠেছিল। ১৩ ডিসেম্বর ইম্ফল পূর্ব জেলার জঙ্গি ডেরা থেকে উদ্ধার হয়েছিল স্টারলিঙ্কের ইন্টারনেট সংযোগের যন্ত্রাংশ ও বিভিন্ন অস্ত্র। এবার জানা গেল, ওই অস্ত্রের মধ্যে মায়ানমারে তৈরি অত্যাধুনিক রাইফেলও রয়েছে। পুলিস ও প্রশাসন মনে করছে, জঙ্গিরা যে মায়ানমার থেকে অস্ত্র আমদানি করছে, এই ঘটনায় তা ফের একবার প্রমাণ মিলল। এর আগেও বেশ কয়েকবার জঙ্গিদের ডেরা থেকে মায়ানমারে তৈরি অস্ত্র উদ্ধার হয়েছিল। অসম রাইফেলসের এক কর্তা জানিয়েছেন, সাধারণভাবে দেখলে মনে হবে, ওই অস্ত্রগুলি ভারতেই তৈরি। কিন্তু খুঁটিয়ে দেখলে বোঝা যাবে, সেগুলি মায়ানমারে তৈরি। কয়েকটি অস্ত্রের গায়ে ‘মেড ইন বার্মা’ লেখাও রয়েছে। এভাবে বিদেশ থেকে জঙ্গিরা অস্ত্র আমদানি শুরু করায় নিরাপত্তা বাহিনীর উপরে চাপ বেড়েছে। মণিপুরে হিংসা ছড়িয়ে পড়ার পর দেড় বছরেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। কিন্তু উত্তর-পূর্বের এই রাজ্যে হিংসা থামার লক্ষণ নেই। অস্ত্র আমদানি না বন্ধ হলে রক্তক্ষয়ী সংঘাত থামানো মুশকিল বলেও মনে করছেন নিরাপত্তা বাহিনীর কর্তারা।
Advertisement
নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, স্টারলিঙ্কের ইন্টারনেট সংযোগের যন্ত্রাংশের সঙ্গে জঙ্গিদের ডেরা থেকে উদ্ধার হয় মায়ানমারে তৈরি একটি এমএ৪ অ্যাসল্ট রাইফেল। এছাড়া মায়ানমারে তৈরি বুলেটপ্রুফ ভেস্ট ও যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী পাওয়া গিয়েছে। এমএ৪ রাইফেল সাধারণত মায়ানমার সেনা ব্যবহার করে থাকে। অসম রাইফেলসের ওই কর্তা জানিয়েছেন, মায়ানমারে যে পিস্তল তৈরি হয়, সেগুলির হাতল কিছুটা আলাদা হয়। ফলে অন্য পিস্তলের থেকে সেগুলিকে আলাদা করা সম্ভব।



