Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

মানোলোর কোচিংয়ে প্রথম জয়ের খোঁজে গুরপ্রীতরা

মানোলোর কোচিংয়ে প্রথম জয়ের খোঁজে গুরপ্রীতরা
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
হায়দরাবাদ: মানোলো মার্কুয়েজের কোচিংয়ে তিন ম্যাচের একটিতেও জয়ের মুখ দেখেনি ভারত। ব্যর্থতার তকমা ঘোচাতে মরিয়া জাতীয় দলের স্প্যানিশ কোচ। সোমবার জয়ের খাতা খোলার সুবর্ণ সুযোগ মানোলোর সামনে। হায়দরাবাদের গাচ্চিবৌলি স্টেডিয়ামে ভারতের প্রতিপক্ষ মালয়েশিয়া। গতবছর মারডেকা কাপে এই মালয়েশিয়ার কাছেই ২-৩ ব্যবধানে বশ মানে ভারত। ন্যায্য গোল বাতিল নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন সুনীলরা। লাভের লাভ কিছু হয়নি। এবার ঘরের মাঠে বদলা নিতে বদ্ধপরিকর গুরপ্রীতরা। তবে কাজটা সোজা নয়। এদিকে, চোটের জন্য আশিস রাই ও আকাশ সাঙ্গওয়ানকে রিলিজ করা হল। পরিবর্তে তড়িঘড়ি জয় গুপ্তাকে শিবিরে ডাকা হয়েছে।
Advertisement
গাচ্চিবৌলির মাঠে ভারতের সাম্প্রতিক পারফরম্যান্স চিন্তা বাড়াচ্ছে অনুরাগীদের। ইন্টারকন্টিনেন্টাল কাপে মরিশাসের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে ভারত। এরপর সিরিয়ার কাছে ০-৩ গোল বিধ্বস্ত হয় ‘ব্লু টাইগার্স’। মহম্মদ হাবিব, সাব্বির আলির শহরে ফুটবল দলের এবার অ্যাসিড টেস্ট। সুনীল ছেত্রীর অবসরের পর বক্স স্ট্রাইকারের দেখা নেই। ভিয়েতনামের বিরুদ্ধে ফারুখ চৌধুরী জাল কাঁপালেও তিনি টিপিক্যাল স্ট্রাইকার নন। বরং মানালোর হাতে মনবীর, লিস্টনের মতো উইং-হাফ রয়েছেন। অনুশীলনে ইঙ্গিত মিলছে সিঙ্গল স্ট্রাইকারে দল সাজাতে পারেন স্প্যানিশ হেডস্যার। তাঁর মন্তব্য, ‘প্রতিটা বিভাগেই উন্নতি প্রয়োজন। ম্যাচ জেতার জন্য ভুলের সংখ্যা কমাতেই হবে।’ আশার কথা, চোট কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন অভিজ্ঞ সন্দেশ ঝিংগান। তাঁর উপস্থিতি দলকে বাড়তি নির্ভরতা দেবে।
স্টপারে আনোয়ারের সঙ্গে সন্দেশ জুটি বাঁধলে রাইট উইং-ব্যাকের ভূমিকায় দেখা যেতে পারে রাহুল ভেকেকে। মোদ্দা কথা, লাগামছাড়া আক্রমণের বদলে রক্ষণ পোক্ত করার দিকে জোর দিচ্ছেন মানোলো। আসলে শুরুতে গোল হজম করলে তাল কাটতে বাধ্য। সেটা বুঝেই প্রতি-আক্রমণের স্ট্র্যাটেজি থিঙ্কট্যাঙ্কের ভাবনায়। চোটের কারণে নেই অনিরুদ্ধ থাপা। সেক্ষেত্রে বক্স টু বক্স মিডিও হতে পারেন আপুইয়া। আইএসএলে নজরকাড়া জীতিন এমএস, ব্রেন্ডন ফার্নান্ডেজদের পরিস্থিতি অনুযায়ী খেলাতে চান মানোলো। নতুন বছরে মার্চে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে নামবে ভারত। আগামী ডিসেম্বরে সূচি ঘোষণা। অর্থাৎ চলতি বছরে এটাই ভারতের শেষ আন্তর্জাতিক ম্যাচ। তাই খালি হাতে ফিরতে নারাজ টিম ম্যানেজমেন্ট। চারমিনার আর নিজামের শহরে ফুটবল ঐতিহ্য বেশ ঝলমলে। ম্যাচ নিয়ে তাই বেশ উন্মাদনা রয়েছে। মালয়েশিয়ার কোচ পাউ মার্তিও প্রশংসায় ভরিয়েছেন মানোলোকে। তাঁর মন্তব্য, ‘খুব কঠিন ম্যাচ হতে চলেছে।’ সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের কাছে ০-৪ ব্যবধানে মুখ থুবড়ে পড়ে মার্তিওর দল। তবে শেষ ম্যাচে লাওসকে হারিয়ে তাঁরা বেশ উজ্জীবিত। ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার স্পোর্টস ১৮ চ্যানেলে।
সম্পর্কিত সংবাদ