Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মানিকচকে ধসে পড়ল রাজ্য সড়কের একাংশ

মানিকচকে ধসে পড়ল রাজ্য সড়কের একাংশ
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মানিকচক: ওভারলোডিং গাড়ির দাপাদাপিতে মানিকচকে ধসে পড়ল রাজ্য সড়কের একাংশ। দুর্ঘটনাগ্রস্ত হয়েছে ঝাড়খণ্ডের একটি গাড়ি। মঙ্গলবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে মানিকচকের নুরপুর ব্যারেজ কলোনি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মানিকচক থানার পুলিস। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করা হয়। এলাকাবাসীদের অভিযোগ, প্রতিনিয়ত ওভার লোডিং গাড়ি চললেও হেলদোল নেই প্রশাসনের।
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মানিকচক থানার নুরপুর ব্যারেজ কলোনি এলাকা সংলগ্ন ঝাড়খণ্ডের একটি লরি থেকে পণ্য খালি করা হচ্ছিল। সেই সময় হঠাৎ করেই রাজ্য সড়কের একাংশের মাটি ধসে পড়ে। যার ফলে দাঁড়িয়ে থাকা লরিটি দুর্ঘটনাগ্রস্ত হয়। সেই সময় পাশ দিয়ে যাচ্ছিলেন বেশকিছু পথচারী। অল্পের জন্য রক্ষা পান তাঁরা। লরিটি উল্টে যাওয়ার কারণে বিদ্যুতের তারও ছিঁড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, মানিকচক রাজ্য সড়কের ওপর দিয়ে প্রতিনিয়ত ওভারলোডিং লরি যাতায়াত করে। মূলত মানিকচক ঘাটের ওপার থেকে আসা ঝাড়খণ্ডের পাথর বোঝাই লরিগুলির দাপট বেশি। প্রতিদিন গড়ে ঝাড়খণ্ডের শতাধিক লরি পাথর বোঝাই করে যাতায়াত করে মানিকচকের উপর দিয়ে। তারপরও প্রশাসন তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে না। নুরপুরের বাসিন্দা আমিরুল হোসেন বলেন, এই ওভার লোডিং লরির কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেছে। কিছুদিন আগেই ঠিক একইভাবে পাথর খালি করতে গিয়ে আরেকটি লরি উল্টে গিয়েছিল। মানিকচক থানার সামনে দিয়ে এই লরিগুলি যাতায়াত করে। প্রশাসন যাতে উপযুক্ত ব্যবস্থা নেয়, তার দাবি জানাচ্ছি। এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় মানিকচক থানার পুলিস এবং  বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। দুর্ঘটনাগ্রস্ত লরিটি উদ্ধার করে ক্ষতিগ্রস্ত বিদ্যুতের খুঁটিগুলি সংস্কার করা হয়। যদিও ওভার লোডিংয়ের বিষয় নিয়ে কিছু বলতে নারাজ মানিকচক থানার পুলিস। 
Advertisement
সম্পর্কিত সংবাদ