সৎমেয়ে এষা বর্মার বিরুদ্ধে মানহানির মামলা করলেন অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়। এষার কাছ থেকে ৫০ কোটি টাকা দাবি করেছেন অভিনেত্রী। জানা গিয়েছে, লাগাতার রূপালির বিরুদ্ধে অভিযোগ করছিলেন তাঁর সৎমেয়ে। এষার দাবি ছিল, তাঁর বাবা অশ্বিন বর্মার সঙ্গে অবৈধভাবে সম্পর্কে জড়িয়েছেন রূপালি। পাশাপাশি রূপালির বিরুদ্ধে মায়ের গয়না চুরির অভিযোগও তোলেন এষা। বেশ কয়েকদিন ধরে এধরনের যাবতীয় অভিযোগে সরগরম ছিল ইন্ডাস্ট্রি। মঙ্গলবার সকালে সেই বিষয়ে আইনি পথে হাঁটলেন ‘অনুপমা’ খ্যাত অভিনেত্রী। রূপালির আইনজীবীর দাবি, প্রচারের আলোয় আসতে সৎমায়ের বিরুদ্ধে একাধিক অমূলক অভিযোগ এনেছেন এষা। এতে সামাজিক ও পেশাগত ক্ষেত্রে অসুবিধার মুখে পড়তে হচ্ছে রূপালিকে। এর জেরে সম্মানরক্ষার তাগিদেই মানহানির মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।



