সংবাদদাতা, বসিরহাট: একটি মিনি ট্রাকের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল এক বাইকচালকের। মৃতের নাম বাপ্পাদিত্য ঘোষ (৪৬), বাড়ি বসিরহাটের কাছারিপাড়ায়। ওই ট্রাকের চালককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, বুধবার বিকেলে কলকাতা বাসন্তী হাইওয়ে দিয়ে কর্মস্থল থেকে বাইকে বাড়ি ফিরছিলেন বাপ্পাদিত্য। তখন মিনাখাঁর মালঞ্চের কাছে মাছ বহনকারী মিনি ট্রাকের চাকা হঠাৎ ফেটে যায়। ফলে ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ওই বাইকে ধাক্কা দেন। বাইকচালক গুরুতর আহত হন। পরে তাঁর মৃত্যু হয়।



