নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে জোড়াফুল শিবির একেবারে গ্রাসরুট লেভেলে জনসংযোগ বাড়ানোর কাজ শুরু করতে চলেছে। সেক্ষেত্রে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের তালিকা তৈরি করে আমজনতার দোরগোড়ায় পৌঁছনোর সিদ্ধান্ত হয়েছে। রাজনৈতিক রঙের পার্থক্য ভুলে শাসক নেতৃত্বরা সেই তালিকা হাতে শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের প্রতিটি বাড়িতে পৌঁছে যাবেন। বিরোধী রাজনৈতিক দলগুলির নেতা-কর্মীদের বাড়িও বাদ যাবে না। রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলির কতটা সুবিধা তাঁরা পাচ্ছেন, কোনও প্রকল্পের সুবিধা পেতে সমস্যা রয়েছে কি না, তা জানার চেষ্টা করা হবে। মূলত ভোটের প্রাক্কালে রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলি মানুষের কাছে আরও একবার তুলে ধরার প্রয়াস নেওয়া হয়েছে। এবিষয়ে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, একুশের বিধানসভা নির্বাচনের তুলনায় পরবর্তী লোকসভায় ফল অনেকটাই ভালো হয়েছে। সেই ধারা বজায় রাখতেই শুরু থেকেই জনসংযোগ বৃদ্ধির কাজ চলছে। এবার রাজ্যের বিভিন্ন প্রকল্পের তালিকা নিয়ে আমজনতার দুয়ারে পৌঁছে যাব। এক্ষেত্রে রাজনৈতিক রং দেখা হবে না। আগামী নির্বাচনে ফল খুবই ভালো হবে। জেলা থেকে বিজেপির অস্তত্ব মুছে যাবে।
Advertisement
ভোটের এখনও প্রায় বছর বাকি। এখনও ঢাকে কাঠি পড়তে ঢের সময় রয়েছে। যদিও আগে থেকেই শাসক শিবির প্রস্তুতি শুরু করে দিয়েছে। রাজ্য সরকারের প্রায় ৮৫টি জনমুখী প্রকল্পকে তুলে ধরে নিয়মিত প্রচার চালানো হচ্ছে। অন্যদিকে, জেলা সভাপতির নির্দেশানুসারে এবার সেই প্রকল্পগুলির তালিকা তৈরি করে আমজনতার দোরগোড়ায় পৌঁছনোর কাজ শুরু হতে চলেছে। সাধারণ মানুষ সরকারি প্রকল্পগুলির কতটা সুবিধা পাচ্ছেন। নির্দিষ্ট কোনও প্রকল্পের সুবিধা পেতে কোনও সমস্যায় পড়তে হচ্ছে কি না, সেসব খতিয়ে দেখা হবে। জেলাজুড়েই সেই কাজ চলবে। এক্ষেত্রে জেলার বিরোধী রাজনৈতিক দলগুলির নেতা-কর্মীদের বাড়িও বাদ যাবে না। প্রত্যেকের বাড়ি গিয়ে রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলি সবিস্তারে তুলে ধরা হবে।



