নিজস্ব প্রতিনিধি, বারাসত: প্রাথমিক বিদ্যালয়ের পাশে থাকা চাক ভেঙে মৌমাছির কামড়ে জখম হল ৩০ জন পড়ুয়া ও দুই শিক্ষক। যদিও মৌমাছির কামড় থেকে বাঁচতে দুই শিক্ষক পাশের পুকুরে ঝাঁপ দেন। তারপরেও রক্ষা হয়নি। গুরুতর জখম অবস্থায় ১০ জন খুদে পড়ুয়া ও এক শিক্ষক হাবড়া হাসপাতালে ভর্তি। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে গোবরডাঙার পায়রাগাছি এফপি স্কুলে। জানা গিয়েছে, সোমবার দুপুরে পঠনপাঠন চলছিল গোবরডাঙার পায়রাগাছি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের পাশেই রয়েছে একটি গাছ। এদিন সেই গাছ কাটা হচ্ছিল। গাছ কাটার সময় অজান্তে মৌচাক ভেঙে যায়। ভনভন করে মৌমাছি বের হয়ে পাশের বিদ্যলয়ে ঢুকে যায়। পড়ুয়া থেকে শিক্ষকরা বাঁচতে যে যে দিকে পারে দৌঁড়তে শুরু করে। দুই শিক্ষক ঝাঁপ দেন পাশের পুকুরেই। প্রায় ৩০ জনের মতো পড়ুয়াকে কামড় দেয় মৌমাছি। এরপর বিদ্যালয়ের পক্ষ থেকে গুরুতর জখম ১০ জন পড়ুয়াকে হাবড়া হাসপাতালে ভর্তি করা হয়।



