মুম্বই, ৩ ফেব্রুয়ারি: মুম্বইয়ের ব্যস্ত রাস্তায় ঘুরছে আজব এক ব্যক্তি। উসকো-খুসকো চুল, লম্বা দাড়ি, মোটা মোটা ভুরু! পরেছেন চামড়ার পোশাক। পায়ে রয়েছে বেঢপ মাপের আজব জুতো! হঠাৎ দেখে মনে হবে প্রাচীন যুগের কোনও গুহামানব। সাধারণ মানুষের ভিড়েই ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। আচমকাই তাঁকে দেখে চমকে উঠেছিলেন পথচারী এবং গাড়ি চালকরা। মোটের উপর ওই রাস্তায় থাকা এমন কোনও ব্যক্তিই নেই যার নজর তাঁর দিকে যায়নি। অদ্ভূত বেশভুষার এই মানুষকে দেখে স্কুল ফিরতি কয়েকজন শিশুও তার মায়ের পিছনে লুকিয়ে পড়ছিল। পাচ্ছিল বেজায় ভয়ও। কিন্তু কে ইনি? এনার পরিচয়ই বা কী? ইনি কী ভিক্ষুক না মানসিক বিকারগ্রস্ত? কোথা থেকে তার আবির্ভাব হল? এইরকম একাধিক প্রশ্ন তখন ঘুরপাক খাচ্ছে তাঁকে দেখা পথচারীদের মনের ভিতরে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেজায় ভাইরাল মুম্বইয়ের জুহুর রাস্তার এই গুহামানবের ছবি-ভিডিও। পরে অবশ্য জানা গেল সত্যিটা। উনি আদতেই কোনও ভিক্ষুক বা বিকারগ্রস্ত কোনও ব্যক্তি নন। বরং তিনি বলিউড সুপারস্টার। বলিউডের খানের এতজন। নামও সকলেরই জানা। তাঁর নাম আমির খান। এমনটাই দাবি করা হয়েছে। কিন্তু যেভাবে, যে পোশাকে তিনি মুম্বইয়ের ব্যস্ত রাস্তায় ঘুরেছেন তাতে কাকপক্ষীরাও না কী টের পায়নি যে তাঁদের সামনেই দাঁড়িয়ে রয়েছেন খোদ আমির। জানা গিয়েছে, অদ্ভূত এই লুক পেতে দীর্ঘক্ষণ মেকআপও করতে হয়েছে তাঁকে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তাঁর সেই মেকআপ করার সেই ভিডিও-ছবিও। সেটিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। কিন্তু আজব এই বেশভুষায় হঠাৎ তিনি রাস্তায় কেন? এটা কী তাহলে কোনও ফিল্মের স্টান্ট না কী বিজ্ঞাপনের কোনও শ্যুটিং। এই বিষয়ে অবশ্য খোলসা করে কিছুই জানা যায়নি। তবে অদ্ভূতভাবেই অভিনেতার টিমের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই ব্যক্তি নাকি আমির খান নন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সমস্ত ভিডিও-ছবিই জাল বলেও দাবি উঠেছে। তাহলে তিনি কী সত্যিই আমির খান নন? তাহলে তিনি আদতে তিনি কে? এই নিয়ে বি-টাউন সহ একাধিক মহলে শুরু হয়েছে আলোচনা।



