ছুটি কাটাতে আলিবাগ গিয়েছিলেন শাহরুখ খান। রবিবার সপরিবারে সেখান থেকে ফিরলেন তিনি। কালো হুডিতে ঢাকা মুখ, ডেনিম প্যান্ট আর ছোট পোষ্য কোলে। এভাবেই ফিরলেন তিনি। জানা গিয়েছে, এদিন জেটিতে ওঠার সময়ে সামান্য চোট পেয়েছেন কিং খান। কালো হুডিতে মুখ ঢাকা থাকার কারণেই তিনি চোট পেয়েছেন বলে মনে করা হচ্ছে। তবে অভিনেতার চোট গুরুতর নয়। তড়িঘড়ি তাঁর সুশ্রুষার জন্য এগিয়ে আসেন সকলে। এদিন সবচেয়ে বেশি নজর কেড়েছেন সুহানার চর্চিত প্রেমিক অগস্ত্য নন্দা। কয়েকদিন আগেই শাহরুখের বাংলোতে দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল। তা নিয়ে বিস্তর জলঘোলা হয় সমাজমাধ্যমে। রবিবার ফের শাহরুখের পরিবারের সঙ্গেই দেখা গিয়েছে অগস্ত্যকে। উল্লেখ্য, বর্তমানে ‘কিং’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত শাহরুখ ও সুহানা। এর আগে এই ছবিটি পরিচালনা করার কথা ছিল সুজয় ঘোষের। তবে এখন শোনা যাচ্ছে, ছবিটি পরিচালনা করবেন সিদ্ধার্থ আনন্দ।



