মুম্বই: মুম্বইয়ের নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্কে বড়সড় দুর্নীতির ঘটনা সামনে এসেছে। গ্রাহকদের ১২২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠল ওই ব্যাঙ্কের জেনারেল ম্যানেজার রীতেশ মেহতা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। শনিবার অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে মুম্বই পুলিস।
Advertisement
গত বৃহস্পতিবার মুম্বইয়ের এই সমবায় ব্যাঙ্কের লেনদেনে রাশ টানে রিজার্ভ ব্যাঙ্ক। এক বছরের জন্য ব্যাঙ্কের পরিচালন বোর্ডের সমস্ত ক্ষমতা রদ করা হয়েছে। একজনকে নিয়োগ করা হয়েছে প্রশাসক হিসেবে। জানা গিয়েছে, ব্যাঙ্কের কার্যনির্যাহী চিফ একজিকিউটিভ অফিসার দেবর্ষি শিশির কুমার ঘোষ টাকা আত্মসাতের অভিযোগ দায়ের করেছেন। সেই ভিত্তিতে এদিন অভিযুক্ত রীতেশকে মুম্বইয়ের ইকোনমিক অফেন্সেস উইংয়ের সদর দপ্তরে তলব করা হয়। এই দুর্নীতিতে আর কারা কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্কে লেনদেন সংক্রান্ত রিজার্ভ ব্যাঙ্কের নিষেধাজ্ঞার খবরটি প্রকাশ্যে আসতেই বিভিন্ন শাখার সামনে উদ্বিগ্ন গ্রাহকরা বিক্ষোভ দেখান।



