Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

মূল্যবান লিড পেল বাংলা

মূল্যবান লিড পেল বাংলা
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
বেঙ্গালুরু: কর্ণাটকের বিরুদ্ধে রনজি ট্রফিতে চালকের আসনে বাংলা। প্রথম ইনিংসে ৮০ রানের লিড পেয়েছে লক্ষ্মীরতন শুক্লার দল। তৃতীয় দিনের শেষে সেটাই দাঁড়িয়েছে ২০৭ রানে। এই পরিস্থিতিতে শনিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে সরাসরি জয়ের স্বপ্নও দেখছেন অনুষ্টুপ মজুমদাররা।
Advertisement
প্রথম ইনিংসে বাংলা তুলেছিল ৩০১। জবাবে শুক্রবার কর্ণাটকের প্রথম ইনিংসে দাঁড়ি পড়ে ২২১ রানে। অভিনব মনোহর (৫৫) ছাড়া কেউই হাফ-সেঞ্চুরি পাননি। ১৮১ রানে আট উইকেট পড়ে গিয়েছিল হোমটিমের। সেখান থেকে বিদ্যাধরের ৩৩ রানের সুবাদে দুশো টপকাতে সমর্থ হয় কর্ণাটক। বাংলার সফলতম বোলার ঈশান পোড়েল ৫৪ রানে চার উইকেট নেন। এছাড়া সুরজ সিন্ধু জয়সওয়াল (৩-২৫), ঋষভ বিবেকও (২-৪৬) ভালো বল করেন।
দ্বিতীয় ইনিংসে বাংলা তিন উইকেট হারিয়ে তুলেছে ১২৭। আউট হয়েছেন শুভম দে (৩০), সুদীপ চ্যাটার্জি (৪৮) ও অনুষ্টুপ (৫)। ক্রিজে রয়েছেন সুদীপ ঘরামি (২৫) ও শাহবাজ আহমেদ (১২)। শনিবার সকালে দ্রুত আরও কিছুটা রান যোগ করে জয়ের জন্য ঝাঁপানোই লক্ষ্য বাংলার।
সম্পর্কিত সংবাদ