নিজস্ব প্রতিনিধি, বারাসত: সোমবার দুপুরে চিকিৎসকদের নিয়ে কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজের চিকিৎসকরাও উপস্থিত ছিলেন। আর সেদিনই বারাসত মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন নিয়ে বিতর্ক তৈরি হল। শুধু তাই নয়, এই অনুষ্ঠানের জন্য জুনিয়র ডাক্তার ও ছাত্রছাত্রীদের থেকে মোটা অঙ্কের চাঁদা তোলা হয়েছে এবং বিভিন্ন ওষুধ সংস্থার থেকেও টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ। এই আবহে ‘দাদা ইজ ব্যাক’ লেখা পোস্টার ঘিরেও শোরগোল পড়ে গিয়েছে মেডিক্যাল কলেজ চত্বরে। কারণ, সেই পোস্টারে রয়েছে বিতর্কিত দুই চিকিৎসক অভীক দে ও বিরূপাক্ষ বিশ্বাসের ছবি।
Advertisement
এদিকে, অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে প্রধান অতিথি হিসেবে সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদারের নাম উল্লেখ ছিল। তা নিয়ে সাংসদ বেজায় ক্ষুব্ধ হয়েছেন বলে খবর। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রীর কর্মসূচির সময় এই অনুষ্ঠানে আমি আপত্তি জানিয়েছিলাম। এটা একেবারেই উচিৎ হয়নি। আমার অনুমতি ছাড়াই কার্ডে আমার নাম দেওয়া হয়। গোটা বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানিয়েছি।’ মেডিক্যাল কলেজে এই ধরনের অনুষ্ঠান আয়োজন ঠিক নয় বলেও মনে করেন তিনি। তবে পোস্টার প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি কাকলি। মেডিক্যাল কলেজের এমএসভিপি অভিজিৎ সাহা বলেন, ‘কলেজের অনুষ্ঠান অনেক আগে থেকে ঠিক হয়েছিল। মুখ্যমন্ত্রীর এদিনের কর্মসূচি ক’দিন আগে ঘোষণা হয়েছে। তবে প্রথমে ছাত্রছাত্রীরা মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনেছেন।’ জোরজুলুম করে চাঁদা আদায়ের বিষয়টি এড়িয়ে গিয়েছেন তিনি। পোস্টার প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘বাইরের কেউ চক্রান্ত করে এটা করেছে। কলেজের কেউ জড়িত নয়।’ কলেজ কর্তৃপক্ষ সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত করলেই ওই পোস্টারের পিছনে কারা আছে, তা সামনে আসবে বলে মনে করছেন অনেকে।



