দিল্লি: যমুনার জলে বিষ? দিল্লিতে ‘গণহত্যা’ চালাতে বিজেপি শাসিত হরিয়ানা থেকে বিষ মেশানো হচ্ছে? বিধানসভা ভোটের আগে অরবিন্দ কেজরিয়ালের অভিযোগ ঘিরে দিল্লির রাজনীতিতে জল আরও ঘোলা হল। সেই সঙ্গেই আপ সুপ্রিমোর সঙ্গে সংঘাত বাড়ছে নির্বাচন কমিশনেরও। যমুনায় বিষের অভিযোগ ঘিরে কেজরিওয়ালের বক্তব্য তলব করেছিল কমিশন। কিন্তু আপ সুপ্রিমোর বুধবারের জবাবে সন্তুষ্ট না হয়ে কমিশন বলেছে, বাস্তবসম্মত প্রমাণ সহ মোট পাঁচটি প্রশ্নের উপযুক্ত উত্তর দিতে হবে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। শুক্রবার বেলা ১১টার মধ্যে সেই জবাব জমা করতে হবে। অন্যথায় কমিশন তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। আর এর পরেই বৃহস্পতিবার পাল্টা সরব হন আপ প্রধান। তাঁর অভিযোগ, মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার রাজনীতি করছেন। অবসর পরবর্তী জীবনের জন্য কাজ খুঁজছেন তিনি। কেজরিওয়ালের চ্যালেঞ্জ, আমাদের কাছে মোট ২০ বোতল যমুনার জল রয়েছে। তার মধ্যে তিন বোতল রাজীব কুমার ও তাঁর দুই নির্বাচন কমিশনারের জন্য পাঠাব। সাহস থাকলে তা তাঁরা পান করে দেখান।
Advertisement
বিষ ইস্যুতে মন্তব্যের ব্যাখ্যা চেয়ে কেজরিওয়ালকে দ্বিতীয় চিঠি পাঠায় কমিশন। তারা বলে, যমুনায় অ্যামোনিয়া বাড়ছে এই যুক্তি দিয়ে বিষের সঙ্গে তাকে গুলিয়ে দেওয়া চলবে না। ঠিক কী ধরনের বিষ পাওয়া গিয়েছে, কোথা থেকে যমুনার জলের সেই নমুনা সংগ্রহ করা হয়েছে, দিল্লি জল বোর্ডের কোন অফিসার তা সংগ্রহ করেছেন, কী ধরনের পরীক্ষা চালানো হয়েছে— আপ সুপ্রিমোকে এসব বিস্তারিতভাবে জানাতে বলেছে কমিশন। পাল্টা সাংবাদিক বৈঠক ডেকে কেজরিওয়াল এদিন মুখ্য নির্বাচন কমিশনারকে যমুনার জল পান করার চ্যালেঞ্জ জানান। শুধু কমিশন নয়, ভোটের আগে যমুনার জলে বিষ ইস্যুতে আপ-বিজেপি তরজাও তুঙ্গে। এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার তোপ, দিল্লির আপ নেতৃত্বাধীন সরকার নিজেদের অপদার্থতা ঢাকতে যমুনার দূষণ নিয়ে অন্যদের ঘাড়ে দোষ চাপাচ্ছে। যমুনার জলে বিষ মেশানো হচ্ছে বলে কেজরিওয়াল যে মন্তব্য করেছেন, তার জন্য তাঁর হরিয়ানা ও দিল্লির মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। এর আগে গতকাল প্রকাশ্যে যমুনার জল পান করতে দেখা যায় হরিয়ানার বিজেপি মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনিকে। যদিও আপ সুপ্রিমো কটাক্ষ করে বলেছেন, সাইনি আসলে জল পানের ভান করে যমুনায় থুতু ফেলছিলেন! সব মিলিয়ে বিধানসভা ভোটের ঠিক আগে যমুনার জলে বিষ ইস্যুতে সরগরম রাজধানীর রাজনীতি।



