এক ঝাঁক ভূতকে নিয়ে তৈরি মজার কাহিনি ‘ভূতের পাল্লায় ভূতনাথ’। খরাজ মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, আরিয়ান ভৌমিক, মানসী সিনহা, সন্দীপ চট্টোপাধ্যায়, রাজু মজুমদারের অভিনয়ে সমৃদ্ধ এই ছবি তৈরি করেছে এস বি এ ফিল্ম। পরিচালনার দায়িত্বে বিদিশা চট্টোপাধ্যায়। তাঁর কথায়, ‘এটি একটি ভিন্ন স্বাদের মজার ভূতের ছবি। বাংলা থিয়েটারের সঙ্গে বাংলা চলচ্চিত্র জগতের মেলবন্ধনই এই ছবির মূল স্লোগান।’ ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুমকি চট্টোপাধ্যায়। এক সুদখোর মহাজনের ভূমিকায় রয়েছেন খরাজ মুখোপাধ্যায়। ভূতের চরিত্রে কাঞ্চন মল্লিক। এক মজার ব্যবসায়ীর ভূমিকায় অভিনয় করেছেন সন্দীপ চট্টোপাধ্যায়। মানসী সিনহাকে দেখা যাবে এক ঝগড়ুটে বউয়ের চরিত্রে। সব কিছু ঠিক থাকলে আগামী বছরই মুক্তি পাবে এই ছবি।



