Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মজবুত রক্ষণই এগিয়ে নিয়ে যাচ্ছে মোহন বাগানকে  

মজবুত রক্ষণই এগিয়ে নিয়ে যাচ্ছে মোহন বাগানকে
 
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ফুটবল ম্যানেজার স্যার আলেক্স ফার্গুসন বলতেন, ‘অ্যাটাক উইনস ইউ গেমস। ডিফেন্স উইনস ইউ টাইটেল।’ অর্থাৎ খেতাব জিততে মজবুত রক্ষণ জরুরি। ফার্গির বিশ্লেষণ দেশ, কালের সীমানা ছাড়িয়ে কোচিং ম্যানুয়ালের আপ্তবাক্য। প্রাক্তনদের মত, মজবুত রক্ষণই চলতি আইএসএলে মোহন বাগানের দুরন্ত পারফরম্যান্সের নেপথ্য কারণ। বাড়ি পোক্ত করতে গোড়া মজবুত হওয়া প্রয়োজন। এক্ষেত্রে শুভাশিস, আলবার্তোদের গড়া ভিতেই  ঝাঁ চকচকে অট্টালিকা গড়েছেন ম্যাকলারেনরা। 
Advertisement
২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে মোহন বাগান। পরিসংখ্যান অনুযায়ী, মাত্র ১৪টি গোল হজম করেছে মোলিনা ব্রিগেড। হার মাত্র দু’টি ম্যাচে। দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়া সেখানে ২৫টি গোল খেয়েছে। পাশাপাশি, লক্ষ্যভেদের ক্ষেত্রেও নজর টেনেছেন মোলিনার ডিফেন্ডাররা। আইএসএলে শুভাশিস, আলবার্তো, আলড্রেড আর দীপ্যেন্দুর গোলসংখ্যা যথাক্রমে ৬, ৫, ২ ও ১। অর্থাৎ, ১৪বার বিপক্ষের জাল কাঁপিয়েছেন তাঁরা। গোল না পেলেও আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন আশিস রাই। অ্যাসিস্টের তালিকায় নাম রয়েছে রাইট উইং ব্যাকের। মরশুমের শুরুতে আলড্রেডদের নিয়ে প্রশ্ন উঠলেও ক্রমশই ভরসা দিয়েছেন তাঁরা। মঙ্গলবার ওড়িশা ম্যাচের প্রস্তুতি শুরু করবেন কামিংসরা। আগামী ২৩ ফেব্রুয়ারি যুবভারতীতে মোহন বাগানের প্রতিপক্ষ লোবেরা ব্রিগেড। জিতলেই টানা দ্বিতীয়বার লিগ-শিল্ড চ্যাম্পিয়ন হবে সবুজ-মেরুন ব্রিগেড। ম্যাচ ঘিরে ইতিমধ্যেই তীব্র উন্মাদনা তৈরি হয়েছে। কোটার পুরো টিকিট বাজারে ছাড়তে চায় থিঙ্কট্যাঙ্ক। 
এদিকে, যুব ফুটবলে মঙ্গলবার ফের ডার্বি। আরএফডিএলের প্রথম পর্বে ১-০ গোলে জয়লাভ করে ডেগি কার্ডোজোর দল। বারাকপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর ২-৩০ মিনিটে।
Advertisement
সম্পর্কিত সংবাদ