Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সোদপুরের নিখোঁজ যুবক নেপালের হোমে, ফেরানোর উদ্যোগ অথৈজলে

হ্যাম রেডিওর মাধ্যমে জানা গিয়েছিল, তিনি নেপালের এক স্বেচ্ছাসেবী সংস্থার আশ্রয়ে রয়েছেন

সোদপুরের নিখোঁজ যুবক নেপালের  হোমে, ফেরানোর উদ্যোগ অথৈজলে
  • ১২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর:  সাতমাস ধরে নিখোঁজ ছিলেন সোদপুরের যুবক। হ্যাম রেডিওর মাধ্যমে জানা গিয়েছিল, তিনি নেপালের এক স্বেচ্ছাসেবী সংস্থার আশ্রয়ে রয়েছেন। তাঁকে দেশে ফেরানোর কথাও চলছিল। কিন্তু নেপালের বিশৃঙ্খলায় সেই উদ্যোগ অথৈ জলে। অভিষেক ঘোষ নামের ওই যুবক কবে ফিরবেন তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইতিমধ্যে হ্যাম রেডিওর ওয়েস্টবেঙ্গল ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস কাঠমাণ্ডুর ভারতীয় দূতাবাসে চিঠি পাঠিয়েছেন। 

Advertisement

সোদপুরের উত্তর নাটাগড় ঘোষবাগানের বাসিন্দা অভিষেক। ৩৪ বছর বয়সি ওই যুবক স্নাতকোত্তর করেছেন। কয়েক বছর আগে বাবা ও মা গত হয়েছেন। বাড়িতে বোন রয়েছে। বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন অভিষেক। ২৮ জানুয়ারি সকালে তিনি বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান। বোন রুমকি ঘোষ আশপাশের সর্বত্র খোঁজ করে তাঁর কোনও হদিশ পাননি। ২২ ফেব্রুয়ারি ঘোলা থানায় তিনি নিখোঁজ ডায়েরি করেন। 
আগস্ট মাসে নেপালের হ্যাম রেডিওর এক সদস্য অম্বরীশ নাগ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করেন। তাঁরা জানান, বাংলার এক যুবক সেখানকার হোমে রয়েছে। অম্বরীশবাবু নানাভাবে ওই যুবকের সঙ্গে কথা বলে জানতে পারেন, তাঁর বাড়ি সোদপুর। পরে যুবকের সঙ্গে তাঁর বোনের ভিডিও কলে কথা বলানো হয়। তাঁকে এরাজ্যে আনার জন্য নেপালের কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। সমস্ত সরকারি প্রক্রিয়া শুরু হয়েছিল। কিন্তু বিক্ষোভের জেরে সমস্ত যোগাযোগ এখন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ওই যুবক কেমন আছেন তাঁর কোনও খোঁজ নেই। অম্বরীশবাবু বলেন, যুবক কিছুটা মানসিক ভারসাম্যহীম। আমরা ওঁকে নেপাল থেকে আনার চেষ্টা করছিলাম। কিন্তু নেপালে ঝামেলার জেরে গত এক সপ্তাহ ধরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছি। ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা পুরসভার ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী বলেন, যুবকের বোনও মানসিক ভারসাম্যহীন। আমরা খুবই উদ্বিগ্ন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ