সংবাদদাতা, উলুবেড়িয়া: হ্যাম রেডিওর মাধ্যমে হাওড়ার শ্যামপুরের নিখোঁজ এক মহিলার সন্ধান মিলল উত্তরপ্রদেশের হোম থেকে। বারাণসী স্টেশনের কাছ থেকে অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করা করেছিল সেই রাজ্যের পুলিস। তাঁকে বাড়ি ফেরানোর ব্যবস্থা হচ্ছে।

শ্যামপুর থানার গুড়েপোল এলাকার বাসিন্দা বিবাহবিচ্ছিন্না ওই মহিলা মানসিক ভারসাম্যহীন। তিনি তাঁর মায়ের কাছে থাকতেন। মহিলা মাঝেমধ্যেই বিভিন্ন জায়গায় চলে যেতেন। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে নিয়ে আসতেন। বছর দেড়েক আগেও তিনি নিখোঁজ হয়ে যান। এবারে আর তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি।
হ্যাম রেডিও সূত্রে জানা গিয়েছে, ওই মহিলাকে অচৈতন্য অবস্থায় বারাণসী স্টেশনের কাছ থেকে উদ্ধার করে উত্তরপ্রদেশের পুলিস। তাঁকে পান্ডেপুর মেন্টাল হোমে রাখা হয়। হোম কর্তৃপক্ষ তাঁর বাংলায় কথাবার্তা শুনে হ্যাম রেডিওর পশ্চিমবঙ্গ শাখার সঙ্গে যোগাযোগ করেন। হ্যাম রেডিওর কর্তারা মহিলার সঙ্গে কথা বলে বুঝতে পারেন, হাওড়ার কোনও এলাকায় ওই মহিলার বাড়ি। তখন তাঁরা আমতার বিধায়ক সুকান্ত পালের সঙ্গে যোগাযোগ করেন।
সুকান্ত পাল জানান, ওই মহিলা কখনও শ্যামপুর, কখনও বাগনান বা তুলসিবেড়িয়ার নাম বলছিলেন। আমি ডিআইবিকে বিষয়টি জানাই। তারা দ্রুত ওই মহিলার পরিবারের ফোন নম্বর জোগাড় করে হ্যাম রেডিওকে দেয়। এরপরেই হ্যাম রেডিও কর্তৃপক্ষ ওই মহিলার পরিবারের সঙ্গে যোগাযোগ করে।