সংবাদদাতা, বজবজ: রবীন্দ্রনগর থানা এলাকার একটি কারখানার শ্রমিক সেই নিখোঁজ কিশোরকে কি খুন করা হয়েছে? এই প্রশ্নই তুলেছেন কিশোরের দাদা। গত দু’সপ্তাহ ধরে প্রতিদিন কিশোরের দাদা অসিরুল হক রবীন্দ্রনগর থানায় আসনি ভাইয়ের হদিশ জানতে। বৃহস্পতিবার দুপুরেও এসেছিলেন। কিন্তু সদুত্তর না পেয়ে হতাশা থেকেই তিনি বলে ওঠেন, মনে হচ্ছে ভাইকে খুনই করা হয়েছে। তাঁর এই দাবির পিছনে যে যুক্তি রয়েছে, তাও খোলসা করেন তিনি। তাঁর কথায়, কারখানার মালিক শাহেনশার পরিবার থেকে বারে বারে তাঁদের ফোন করা হচ্ছে। বলা হচ্ছে, বিষয়টি মিটমাট করে নিতে। এজন্য মোটা টাকা অফারও দিয়েছে তারা। রবীন্দ্রনগর থানার বাইরে দাঁড়িয়ে অসিরুল বলেন, এভাবে বাবাকে বারে বারে টাকা দেওয়ার টোপ দেওয়ার বিষয়টি ভালো লাগছে না। নিশ্চিত এর পিছনে রহস্য রয়েছে। তাছাড়া এতদিন হয়ে গেল, পুলিস এখনও ভাইয়ের কোনও হদিশ দিতে পারছে না। প্রসঙ্গত, কারখানার মালিক শাহেনশা জেরায় পুলিসের কাছে স্বীকার করেছিল যে, সে ওই কিশোরকে মেরেছে। তারপর তাকে গাড়ি করে তুলে নিয়ে যাওয়া হয়। কিন্তু কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তার উত্তর মেলেনি। অসিরুল বলেন, পুলিস যদি শাহেনশাকে চাপ দেয়, তাহলে ভাইয়ের নিখোঁজ রহস্যের কিনারা হতে পারে। রবীন্দ্রনগর থানা সেই কাজ সঠিকভাবে করতে পারছে না।



