নয়াদিল্লি: গৃহত্যাগ করেছিলেন বছর দশেক আগে। এরপর সাধুর বেশে বাড়ি ফিরে স্ত্রীকে নৃশংসভাবে খুন করল এক প্রৌঢ়। বুধবার গভীর রাতে খুনের ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লিতে। পুলিস জানিয়েছে, মৃত মহিলার নাম কিরণ ঝা। তিনি পেশায় স্বাস্থ্যকর্মী। ভোররাতে তাঁর ঘর থেকে রক্ত দেখতে পান প্রতিবেশীরা। এরপর তাঁরাই পুলিসকে খবর দেন। পুলিস কিরণের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি অভিযুক্ত ৫৫ বছরের প্রমোদ ঝার খোঁজে তল্লাশি শুরু করেছে।
পুলিস জেনেছে, অভিযুক্ত প্রমোদ আদতে বিহারের জামালপুরের বাসিন্দা। গত ১০ বছর ধরে স্ত্রীর সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। স্ত্রী দিল্লি থাকলেও প্রমোদ সাধুর বেশ নিয়ে গ্রামেই থাকত। গত ১ আগস্ট অভিযুক্ত দিল্লিতে আসে। এরপর বুধবার রাতে স্ত্রীর ঘরে ঢুকে তাঁকে হাতুড়ি মেরে খুন করে প্রমোদ। ঘটনার সময় কিরণের ছেলে ও পুত্রবধূ বিহারে ছিলেন। স্ত্রীকে খুন করে পালিয়ে যায় প্রমোদ। সিসিটিভি ফুটেজ থেকে তাকে চিহ্নিত করেছে পুলিস। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে দিল্লি পুলিস।