Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ড্রাগের বিরুদ্ধে লড়াই করা লক্ষ্মী দিদির গাড়িতে আগুন দুষ্কৃতীদের

ড্রাগের কারবারিদের পুলিশের হাতে তুলে দিয়েছিলেন এক মহিলা। সেই মহিলার গাড়িতে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা। খড়গপুর শহরের ২২ নম্বর ওয়ার্ডের গোলখুলি এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

ড্রাগের বিরুদ্ধে লড়াই করা লক্ষ্মী দিদির গাড়িতে আগুন দুষ্কৃতীদের
  • ১৮ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: ড্রাগের কারবারিদের পুলিশের হাতে তুলে দিয়েছিলেন এক মহিলা। সেই মহিলার গাড়িতে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা। খড়গপুর শহরের ২২ নম্বর ওয়ার্ডের গোলখুলি এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, ড্রাগের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই লড়াই করে আসছেন খড়গপুর শহরের বাসিন্দা রোকাইয়া বিবি ওরফে লক্ষ্মী দিদি। তাঁর লড়াইকে কুর্নিশ জানায় গোটা শহরের মানুষ। প্রশ্ন উঠছে, নিষিদ্ধ মাদক কারবারিদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যই কি লক্ষ্মী দেবীর সাধের গাড়ি পুড়িয়ে দিল দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খড়গপুর শহরে বিভিন্ন এলাকায় নিষিদ্ধ মাদক বিক্রি হয়। এই অভিযোগ তুলে বহু দিন ধরেই সোচ্চার লক্ষ্মী দিদি। বৃহস্পতিবার দুই ড্রাগ কারবারিকে পুলিশের হাতে তুলেও দেন খড়্গপুরের এই প্রতিবাদী মুখ। এরপর বৃহস্পতিবার গভীর রাতে তাঁর বাড়ির সামনে রাখা চার চাকা গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। গাড়ির সামনের অংশ একেবারে পুড়ে ছাই হয়ে যায়। প্রতিবেশীদের চিৎকার চেঁচামেচি শুনে ঘুম ভাঙে মহিলার পরিবারের সদস্যদের। এরপর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্তের আশ্বাস দেয় ঠিকই।

Advertisement

শুক্রবার সকালে রোকাইয়া (লক্ষ্মীদি) বলেন, এই প্রতিবাদ নতুন নয়। সারা বছর ধরেই মাদক কারবারের বিরুদ্ধে প্রতিবাদ করি। তবে গত কয়েকমাস ধরে পারিবারিক সমস্যার থাকায় সব দিকে নজর দিতে পারিনি। আর তাতেই এই সমস্ত এলাকায় ফের মাথা চাড়া দিয়ে ওঠে ড্রাগ কারবারিরা। বৃহস্পতিবার সামনের মাঠে দাঁড় করিয়ে রাখা আমার এক আত্মীয়ের পিকআপ ভ্যানের চাকা খুলে নেয় মাদকাসক্ত (ড্রাগ অ্যাডিক্টেড) কয়েকজন যুবক। তারপরই আমরা এলাকাবাসীদের সঙ্গে নিয়ে এই এলাকার দুই কুখ্যাত মাদক কারবারিকে পুলিশের হাতে তুলে দিই। সেই আক্রোশেই ওই কারবারিদের শাগরেদরা আমার গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত প্রক্রিয়া চলছে। এদিন খড়গপুর শহরের বাসিন্দা সন্তোষ যাদব বলেন, পুলিশ ড্রাগ কারবারিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় না। তাই প্রকাশ্যে না হলেও লুকিয়ে কারবার চলে। এই দুষ্কৃতীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া হোক। এরাই নেশার টাকা জোগাড় করতে না পারলে, চুরি করে এলাকায়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ