নিজস্ব প্রতিনিধি, বারাসত: দুই নার্সারিতে দুষ্কৃতী তাণ্ডব। শুক্রবার রাতে, দেগঙ্গার চাকলা পঞ্চায়েতের রায়পুর ঘোষপাড়ার ঘটনা। শনিবার সকালে বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে এলাকায়। চাকলা রায়পুর ঘোষপাড়া এলাকায় সাবির আলির একটি নার্সারি আছে। ১৫ কাটা জমিতে দামি আম ও জামগাছের চারা ছিল। রাতে দুষ্কৃতীরা তা কেটে লণ্ডভণ্ড করে দিয়েছে। পাশেই পাঁচকাটা জমিতে সুমন ঘোষের আরও একটি নার্সারি রয়েছে। সেখানে থাকা পিয়ারা, কাঁঠাল ও জামের চারাও কেটে মাটিতে লুটিয়ে দিয়েছে দুষ্কৃতীরা। সকালে চাকলা ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন দুই নার্সারির মালিক। সব মিলিয়ে লক্ষাধিক টাকার গাছ নষ্ট হয়েছে।



